খাদ্যমন্ত্রী অসুস্থ, আনা হচ্ছে ঢাকায়
উত্তরদক্ষিণ । রবিবার, ০৫ মার্চ ২০২৩ । আপডেট ১৩:০৬
অসুস্থ খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদারকে ঢাকায় আনা হচ্ছে। পিত্তথলিতে প্রদাহজনিত কারণে কয়েক দিন ধরেই অসুস্থ বোধ করছিলেন তিনি। আজ রোববার (০৫ মার্চ) বেলা ১১টায় নওগাঁ থেকে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আনা হচ্ছে।
খাদ্যমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ১ মার্চ নিজ নির্বাচনী এলাকা সাপাহার-পোরশা-নিয়ামতপুরে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচির কারণে যান তিনি। এ ছাড়া ০৬ মার্চ নওগাঁয় আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মরহুম আবদুল জলিলের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নিতে সেখানেই অবস্থান করছিলেন খাদ্যমন্ত্রী।
শুক্রবার পোরশায় রাজনৈতিক কর্মসূচি চলাকালে শারীরিক অসুস্থতা অনুভব করেন। সন্ধ্যায় স্থানীয় চিকিৎসকদের পরামর্শে কিছু পরীক্ষা-নিরীক্ষা করেন। পরীক্ষার ফলাফলে দেখা যায়, খাদ্যমন্ত্রীর পিত্তথলিতে সামান্য ইনফেকশন রয়েছে।
সিভিল সার্জন ঢাকা যাওয়ার পরামর্শ দিলেও তিনি ঢাকা না গিয়ে স্কয়ার হাসপাতালের প্রখ্যাত ডা. প্রফেসর সানোয়ার হোসেনের তত্ত্বাবধানে বাসায় থেকে চিকিৎসা নেন।
পিআরও কামাল হোসেন বলেন, মন্ত্রীর খুব বেশি শারীরিক জটিলতা নেই। তবে ডাক্তারের পরামর্শে আরও উন্নত চিকিৎসার জন্য সকাল ১০টা ৪০ মিনিটে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া হচ্ছে। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা নেবেন।
ইউডি/এ

