আকাশে ফাটল উড়োজাহাজের চাকা, ঢাকায় জরুরি অবতরণ

আকাশে ফাটল উড়োজাহাজের চাকা, ঢাকায় জরুরি অবতরণ

উত্তরদক্ষিণ । সোমবার, ০৬ মার্চ ২০২৩ । আপডেট ১৫:০০

কলকাতা থেকে সোমবার (০৬ মার্চ) সকালে ঢাকার উদ্দেশে ছেড়ে আসছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রীবাহী উড়োজাহাজ। কিন্তু মাঝ আকাশেই এর চাকার টায়ার ফেটে যাওয়ার সংকেত পান পাইলট। বিষয়টি জানাজানি হলে আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যেও। শেষ পর্যন্ত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজটির জরুরি অবতরণ করা হয়।

জানা গেছে, বিমানের বিজি-৩৯২ ফ্লাইটটিতে মোট ৭২ জন যাত্রী ছিলেন। ড্যাশ ৮-৪০০ মডেলের এয়ারক্রাফটি অবতরণের পর তারা সবাই নিরাপদে বেরিয়েছেন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম বলেন, ‘উড়োজাহাজের পেছনের ডান পাশের টায়ার ফেটে গেলে এটি জরুরি অবতরণ করে। তবে পাইলটের দক্ষতায় কোনো ধরনের দুর্ঘটনা ছাড়াই সেটি নিরাপদে অবতরণ করা গেছে।’

বিমানবন্দর ফ্লাইট শিডিউল থেকে জানা যায়, ওই ফ্লাইটটি ইন্ডিয়ার স্থানীয় সময় ৮টা ৪৯ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা হয়। সকাল পৌনে ১০টার দিকে জরুরি অবতরণের সিদ্ধান্ত নিলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করে। প্রস্তুত রাখা হয় ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স। পরে সকাল ১০টায় এটি নিরাপদে অবতরণ করে।

ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা বলেন, বড় দুর্ঘটনা প্রতিরোধ ও উদ্ধার কার্যক্রমের জন্য বিমানবন্দরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট উপস্থিত ছিল। তবে তাদের কাজ করতে হয়নি।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading