কমলো স্বর্ণের দাম

কমলো স্বর্ণের দাম

উত্তরদক্ষিণ । সোমবার, ০৬ মার্চ ২০২৩ । আপডেট ১৯:০০

অবশেষে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমেছে। উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার বৃদ্ধির ইঙ্গিত দিয়েছে বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলো। ফলে মূল্যবান ধাতুটির আবেদন হ্রাস পেয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, সোমবার (০৬ মার্চ) আন্তর্জাতিক বেঞ্চমার্ক স্বর্ণের স্পট মূল্য নিম্নমুখী হয়েছে শূন্য দশমিক এক শতাংশ। প্রতি আউন্সের দর স্থির হয়েছে ১৮৫৩ ডলার ৯৯ সেন্টে।

এর আগে বেঞ্চমার্কটির দাম ব্যাপক বেড়েছিল। গত ১৫ ফেব্রুয়ারির পর তা সর্বোচ্চ পর্যায়ে উঠেছিল। তবে এদিন আমেরিকার বেঞ্চমার্ক স্বর্ণের দর ঊর্ধ্বমুখী হয়েছে শূন্য দশমিক তিন শতাংশ। আউন্সপ্রতি মূল্য নিষ্পত্তি হয়েছে ১৮৫৯ ডলার ৯০ সেন্টে।

ক্রমবর্ধমান মূল্যস্ফীতিতে লাগাম টানতে আরও কিছুদিন সুদের হার বাড়িয়ে যেতে পারে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক। এতে স্বর্ণের মতো নন-ইল্ডিং সম্পদে বিনিয়োগ করতে নিরুৎসাহিত হয়েছেন ব্যবসায়ীরা। ফলে দামি ধাতুটির দাম কমছে।

মঙ্গলবার (০৭ মার্চ) সংবাদ সম্মেলন করবেন আমেরিকার কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) চেয়ারম্যান জেরোম পাওয়েল। সেখানে সুদের হার নিয়ে তিনি কী আভাস দেন, আপাতত সেদিকে নজর রাখছেন বিনিয়োগকারীরা।

এছাড়া গত ফেব্রুয়ারি মাসের অর্থনীতির তথ্য প্রকাশ করবে আমেরিকান কর্তৃপক্ষ। সেটা ইতিবাচক না নেতিবাচক হয়, এদিকেও দৃষ্টি রাখছেন ব্যবসায়ীরা।

ক্রেতাদের উদ্দেশে লেখা এক মাসিক নোটে মারেক্সের ধাতু বিশ্লেষক এডওয়ার্ড মেইর বলেন, ‘আমরা দেখছি; বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণ ১৭৭৫ থেকে ১৯০০ ডলারের মধ্যে বিক্রি হচ্ছে। সামনে বিনিয়োগকারীদের প্রত্যাশার চেয়ে সুদের হার বেশি বাড়াতে পারে ফেড। এমনটি হলে গুরুত্বপূর্ণ ধাতুটির আরও দরপতন ঘটবে।’

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading