স্বাধীনতা ঘোষণার একমাত্র বৈধ অধিকার ছিল বঙ্গবন্ধুর: ওবায়দুল কাদের

স্বাধীনতা ঘোষণার একমাত্র বৈধ অধিকার ছিল বঙ্গবন্ধুর: ওবায়দুল কাদের

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০৭ মার্চ ২০২৩ । আপডেট ১১:৩০

অনেককেই দেশের স্বাধীনতার ঘোষক বলে দাবি করা হয় উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশের স্বাধীনতা ঘোষণার একমাত্র বৈধ অধিকার ছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের।

মঙ্গলবার (৭ মার্চ) সকালে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, স্বাধীনতা ঘোষণার একমাত্র বৈধ অধিকার ছিল বঙ্গবন্ধুর। কারণ তিনি জনগণের বিপুল ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি ছিলেন। স্বাধীনতা ঘোষণার অন্য কারও বৈধ অধিকার ছিল না। কাজেই অনেককেই ঘোষক দাবি করা হয়, তারা ছিলেন পাঠক। পাঠক আর ঘোষক এক কথা না।

বিএনপি ক্ষমতায় থাকাকালে ৭ মার্চ নিষিদ্ধ ছিল উল্লেখ করে তিনি বলেন, যে ভাষণ ইউনেস্কো পৃথিবীর অন্যতম সেরা ভাষণের স্বীকৃতি দিয়েছে, সেই ৭ মার্চের ভাষণ তারা নিষিদ্ধ করেছিল। মুক্তিযুদ্ধের চেতনায় তাদের ন্যূনতম বিশ্বাস আছে বলে আমরা মনে করি না।

আওয়ামী লীগ গণতন্ত্র ধ্বংস করেছে বলে বিএনপি মহাসচিবের দাবির প্রেক্ষিতে সেতুমন্ত্রী বলেন, বিএনপিই গণতন্ত্র ধ্বংস করেছে। শেখ হাসিনা বরং মেরামত করেছে। রাতারাতি গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাবে না। দেশে যতটুকু গণতন্ত্র আছে, তা শেখ হাসিনার নেতৃত্বেই হয়েছে। তারা ক্ষমতায় থাকাকালে গণতন্ত্র কীভাবে চর্চা করেছে? যাদের ঘরেই গণতন্ত্র নেই, তারা কীভাবে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে।

তিনি আরও বলেন, গণতন্ত্র আওয়ামী লীগই প্রতিষ্ঠা করে। এ দেশ বঙ্গবন্ধুর নেতৃত্বে এসেছে। এ দেশ গড়ব আমরা। বিএনপি দেশ ধ্বংস করেছে; আমরা শেখ হাসিনার নেতৃত্বে মেরামত করছি।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading