ডিজিটাল বিলবোর্ডে দ্রব্যমূল্যের তালিকা প্রদর্শন করাবে ডিএনসিসি
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০৭ মার্চ ২০২৩ । আপডেট ২১:২০
ডিএনসিসির মার্কেটগুলোতে ডিজিটাল বিলবোর্ডে দ্রব্যমূল্যের তালিকা প্রদর্শনের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম।
মঙ্গলবার (৭ মার্চ) গুলশান নগরভবনে ‘ক্যাশলেস বাংলাদেশের’ উদ্যোগে ডিএনসিসি মার্কেটকে সম্পূর্ণ ক্যাশলেস পরিশোধ ব্যবস্থার অন্তর্ভুক্তকরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান তিনি।
আতিকুল ইসলাম বলেন, প্রতিদিনের যে বাজার দর নির্ধারণ করা হয় তা মার্কেটগুলোতে ডিজিটাল বিলবোর্ডের মাধ্যমে মূল্য তালিকা টাঙিয়ে দেওয়া হবে। যাতে করে ক্রেতাদের কাছ থেকে কোনো বিক্রেতা দাম বেশি রাখতে না পারেন। ইতোমধ্যে এমন উদ্যোগ গ্রহণ করতে নির্দেশনা দেওয়া হয়েছে।
ডিএনসিসি মেয়র আরও বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে ইতোমধ্যে আমরা ডিজিটাল বাংলাদেশ নির্মাণ করতে সক্ষম হয়েছি। আমরা এখন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কার্যক্রম শুরু করেছি। আমরা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন অনেকগুলো সেবাই এখন অনলাইনের আওতায় নিয়ে এসেছি। হোল্ডিং ট্যাক্স দেওয়ার জন্য এবং ট্রেড লাইসেন্সের জন্য এখন আর কাউকে ডিএনসিসির অফিসে যেতে হয় না। অনলাইনে ঘরে বসে এই সেবা পাচ্ছেন নগরবাসী। পর্যায়ক্রমে সব সেবা অনলাইনের আওতায় আনা হবে। আমরা রিকশার কিউআর কোড ব্যবহার করব, এর ফলে অবৈধ রিকশা চলাচল বন্ধ হবে এবং নিরাপত্তাও নিশ্চিত হবে। দ্রুতই স্মার্ট পার্কিংও চালু করা হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, বাংলাদেশ ব্যাংকের পরিচালক মুহম্মদ বদিউজ্জামান দিদার, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান, মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল, সেবা প্লাটফর্ম লিমিটেডের চেয়ারম্যান রায়হান শামসি প্রমুখ।
ইউডি/কেএস

