পশ্চিম তীরে ফের ইসরায়েলের অভিযান, নিহত ৬
উত্তরদক্ষিণ । বুধবার, ০৮ মার্চ ২০২৩ । আপডেট ১৯:০০
অধিকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে ইসরায়েলি সেনাবাহিনীর এক অভিযানে ছয় ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর বিবিসির।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, গত মাসে দুই ইসরায়েলি ভাইকে হত্যার সঙ্গে জড়িত ছিলেন নিহতদের মধ্যে একজন। হাওয়ারায় ওই দুই ভাইয়ের হত্যাকাণ্ডের পর ইহুদি বসতি স্থাপনকারীরা শহটিতে ব্যাপক তাণ্ডব চালায়। এ ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় ওঠে।
ফিলিস্তিনি ওই শরণার্থী শিবিরে মঙ্গলবার (০৭ মার্চ) এই অভিযান পরিচালনা করে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি বাহিনী প্রায়ই তথাকথিত ফিলিস্তিনি জঙ্গিদের বিরুদ্ধে ওই শিবিরে অভিযান চালায়।
এদিকে এই অভিযানের সময় ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে বলে জানা গেছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, একটি ভবন থেকে ধোঁয়া উড়ছে। সেখানকার আকাশে একটি হেলিকপ্টারকেও দীর্ঘ সময় উড়তে দেখা যায়।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা কাঁধে বহনযোগ্য মিসাইল দিয়ে হামলা চালিয়েছে। এসময় স্থানীয় সশস্ত্র যোদ্ধারা একটি অ্যাম্বুলেন্স থেকে ইসরায়েলি সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি ছোড়ে বলেও দাবি করে তারা। অন্যদিকে নিহত ব্যক্তিদের বয়স ২০ থেকে ৫০ বছরের মধ্যে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।
ইউডি/এ

