গুলিস্তানের বিস্ফোরণটি ‘স্বাভাবিক’ নয়: র্যাব
উত্তরদক্ষিণ । বুধবার, ০৮ মার্চ ২০২৩ । আপডেট ২০:৩০
রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে মঙ্গলবার (০৭ মার্চ) বিকেলে ভবনে বিস্ফোরণের ঘটনাকে ‘স্বাভাবিক’ বলে মনে করছে না র্যাব। শুধু তা-ই নয়, বিস্ফোরণটি শক্তিশালী বলেও মনে করছে বাহিনীটি।
বুধবার (০৮ মার্চ) ঘটনাস্থল পরিদর্শন শেষে উদ্ধার কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন র্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিটের প্রধান মেজর মশিউর রহমান।
তিনি বলেন, ‘আমরা প্রাথমিকভাবে তদন্ত করে পেয়েছি, ভবনের বিস্ফোরণ হয়েছে বেসমেন্ট থেকে। এটা স্বাভাবিক কোনো বিস্ফোরণ নয়, এটি একটি শক্তিশালী বিস্ফোরণ। এটি গ্যাস লিকেজের কারণে হয়ে থাকতে পারে, কিংবা অন্য কোনোভাবে বিস্ফোরণ ঘটতে পারে। তবে এ ঘটনা এসি থেকে ঘটার আশঙ্কা খুবই কম।’
র্যাব কর্মকর্তা বলেন, ‘আমাদের ডগ স্কোয়াড ও বোম্ব ডিসপোজাল ইউনিট এখানে উপস্থিত আছে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ ও রাজউকের বিশেষজ্ঞরা আছেন। আমরা সবাই সমন্বয় করে কাজ করছি।’
মেজর মশিউর বলেন, ‘আমরা এখান থেকে স্যাম্পল কালেকশন করেছি। তা পরীক্ষা-নিরীক্ষার জন্য ল্যাবে পাঠিয়েছি। ঘটনাটা নিয়ে একটা সিদ্ধান্তে আসার চেষ্টা করছি, এখানে কী ধরনের বিস্ফোরণ হয়েছে। আদৌ গ্যাস থেকে বিস্ফোরণ হয়েছে নাকি অন্য কোনো কিছু জড়িত, তা-ও জানার চেষ্টা করছি।’
তিনি বলেন, ‘ভবনের ভেতরে কেউ আটকা পড়েছে কি না, তা জানার জন্য আমাদের র্যাবের ডগ স্কোয়াড টিম এরই মধ্যে কাজ শুরু করে দিয়েছে। যদি কেউ থেকে থাকে, জীবিত অথবা মৃত, তাহলে তাদের বের করে আনার জন্য আমাদের ডগ স্কোয়াড টিম এবং ফায়ার সার্ভিসের বাহিনী সহায়তা করবে।’
ইউডি/এ

