আওয়ামী লীগের অধীনে নির্বাচনে যাবে না বিএনপি : আমীর খসরু
উত্তরদক্ষিণ । রবিবার, ১২ মার্চ ২০২৩ । আপডেট ১৫:০০
বিএনপি এই সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবে না বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
রোববার (১২ মার্চ) সকালে রাজধানীর গুলশানে ইউরোপীয় ইউনিয়নের আটটি দেশের প্রতিনিধির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
গুলশানের এবিসি হাউজে সকাল ১০টা থেকে দেড় ঘণ্টাব্যাপী এ বৈঠক হয়। বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চালর্স হোয়াইটির নেতৃত্বে ফ্রান্স, ইতালি, সুইডেন, জার্মানি, স্পেন, নরওয়ের ও নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতরা উপস্থিত ছিলেন।
তিনি বলেন, ‘বৈঠকে আমরা সাম্প্রতিক ও বিভিন্ন ইস্যুতে কথা বলেছি। দেশের মানুষ যেসব বিষয় পর্যবেক্ষণ করছে, সেসব বিষয়ে, অর্থাৎ নির্বাচন নিয়ে কথা হয়েছে। বিশ্বের যারা গণতান্ত্রিক দেশ, তারা বাংলাদেশকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। এ ছাড়া দেশের মানবাধিকার, আইনের শাসন, বাকস্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা, বিশেষ করে আগামী নির্বাচন নিয়ে যে শঙ্কা কাজ করছে—সেই দৃষ্টিভঙ্গি রয়েছে।’
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘দেশের নির্বাচনী ব্যবস্থা ভেঙে পড়েছে। এখানে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে অবৈধ দখলদার সরকার ক্ষমতায় আছে। সেই প্রেক্ষাপটে আলোচনা হয়েছে। আবারও যদি দেশের জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে না পারে, তবে দেশ যে সংকটের দিকে যাবে—সে বিষয়ে তারা জানতে চেয়েছেন। এই সরকার তো বিদেশেও ষড়যন্ত্র করছে। আসলে সকলের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে কীভাবে একটি অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচন করা যায়।’
এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘অবশ্যই বিএনপি এই সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবে না। বিশ্বের যারা গণতান্ত্রিক বাংলাদেশকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে, তাদের সবার কাছে এই বিষয়টি পরিষ্কার করা হয়েছে যে বাংলাদেশে বর্তমান অবৈধ, দখলদার ও অনির্বাচিত সরকারের অধীনে দেশের জনগণ ভোটাধিকার প্রয়োগ করে তাদের সংসদ ও সরকার নির্বাচিত করতে পারবে না।’
নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূসের বিষয় নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না প্রশ্নে আমীর খসরু বলেন, ড. মুহাম্মদ ইউনূস সাহেবের ইস্যু নিয়ে কোনো আলোচনা হয়নি।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বৈঠকে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, মানবাধিকারবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ।
ইউডি/এ

