ডাচ্-বাংলার টাকা ছিনতাই : আরও ৫৮ লাখ টাকা উদ্ধার, মাস্টারমাইন্ড গ্রেপ্তার

ডাচ্-বাংলার টাকা ছিনতাই : আরও ৫৮ লাখ টাকা উদ্ধার, মাস্টারমাইন্ড গ্রেপ্তার

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩ । আপডেট ১৭:৩০

ঢাকার উত্তরায় ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের সোয়া ১১ কোটি টাকা ছিনতাইয়ের ঘটনায় আকাশ নামে একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ। এ সময় ৫৮ লাখ ৭ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। ছিনতাই হওয়া সোয়া ১১ কোটি টাকার মধ্যে তিন দফায় সাত কোটি এক লাখ ১০ হাজার ৫০০ টাকা উদ্ধার হলো।

মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান ডিএমপির গোয়েন্দা বিভাগের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ। গ্রেপ্তার আকাশ মূল মাস্টারমাইন্ড বলে জানান মোহাম্মদ হারুন অর রশীদ।

ডিবি প্রধান জানান, সোমবার (১৩ মার্চ) রাতে রাজধানীর কড়াইল বস্তির বউবাজার এলাকা থেকে হৃদয় নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। ওইসময় তার কাছ থেকে ৪৮ লাখ ৭ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকালে নেত্রকোনা থেকে মিলন নামে আরও একজনকে গ্রেফতার করা হয়। অভিযানে তার কাছ থেকেও ১০ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। সবশেষ মঙ্গলবার দুপুরে ছিনতাইয়ের মূল মাস্টারমাইন্ড আকাশকেও গ্রেফতার করা হয়।

হারুন অর রশিদ বলেন, আকাশ সেদিন ঘটনাস্থল থেকে পালিয়েছিল। সে এই ঘটনার মূল পরিকল্পনাকারী। এ নিয়ে এখন পর্যন্ত ওই ছিনতাইয়ের ঘটনায় মোট ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।

এর আগে ৯ মার্চ রাতে মানি প্ল্যান্ট লিংক প্রাইভেট লিমিটেডের পরিচালক আলমগীর হোসের বাদী হয়ে ডিএমপির তুরাগ থানায় মামলা করেন। সোয়া ১১ কোটি টাকা ছিনতাইয়ের ঘটনায় করা এ মামলায় অজ্ঞাতপরিচয় ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে।

গত ৯ মার্চ সকাল ৭টার পরে রাজধানীর উত্তরা ১৬ নম্বর সেক্টরের ১১ নম্বর ব্রিজ সংলগ্ন এলাকা থেকে বেসরকারি ডাচ্-বাংলা ব্যাংকের টাকা বহনকারী গাড়ি থেকে প্রায় সোয়া ১১ কোটি টাকা ছিনতাই হয়। পরে কয়েক ঘণ্টার ব্যবধানেই উত্তরা এলাকা থেকে ছিনতাই হওয়া টাকাভর্তি চারটি বাক্সের মধ্যে তিনটি উদ্ধারের কথা জানায় মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading