সুপ্রিম কোর্টে সাংবাদিকদের ওপর হামলা, এলআরএফের নিন্দা
উত্তরদক্ষিণ । বুধবার, ১৫ মার্চ ২০২৩ । আপডেট ১৮:৩০
সুপ্রিম কোর্ট বার নির্বাচনের সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের ওপর পুলিশি হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ল’ রিপোর্টার্স ফোরাম (এলআরএফ)। বুধবার (১৫ মার্চ) বিকেলে এক বিবৃতিতে এই নিন্দা জানান ফোরামের সভাপতি আশুতোষ সরকার।
বিবৃতিতে বলা হয়, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের ভোটগ্রহণকে কেন্দ্র করে আইনজীবী সমিতি মিলনায়তনে দু’পক্ষ মুখোমুখি অবস্থান নেয়।
এ সময় সংবাদ সংগ্রহে গণমাধ্যমকর্মীরা সেখানে ছুটে গেলে পুলিশ অতর্কিতে হামলা চালায়। গণমাধ্যমকর্মীদের পরিচয়পত্র এবং মাইক্রোফোন এবং ক্যামেরা থাকা সত্ত্বেও হামলার হাত থেকে কেউ রেহাই পায়নি। পুলিশ সাংবাদিকদের অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে এবং সংবাদ সংগ্রহে বাধা দেয়। হামলায় সাংবাদিকরা আহত হয়ে মিলনায়তন থেকে বেরিয়ে গেলেও দুজন ক্যামেরাম্যানকে আটকে রাখে পুলিশ। পরে তাদের উদ্ধার করা হয়।
পুলিশের হামলায় ল’ রিপোর্টার্স ফোরামের যুগ্ম সম্পাদক ফজলুল হক মৃধা, সংগঠনের দফতর সম্পাদক এস এম নূর মোহাম্মদ, জাবেদ আখতার, জান্নাতুল ফেরদাউস তানভী, বৈশাখী টিভির ক্যামেরাপারসন ইব্রাহীমসহ ১০ থেকে ১২ জন গণমাধ্যমকর্মী আহত হন। তাদের মধ্যে জাবেদ আখতার গুরুতর আহত হওয়ায় তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।
ল’ রিপোর্টার্স ফোরামের সভাপতি আশুতোষ সরকার এবং সাধারণ সম্পাদক আহাম্মেদ সরোয়ার হোসেন ভূঁঞা এই ন্যাক্কারজনক পুলিশি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। একই সঙ্গে হামলায় জড়িত পুলিশ সদস্যদের শাস্তি ও আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনার দাবি করেছেন নেতারা।
ইউডি/এ

