তুরস্কে বন্যা, ১৪ জনের মৃত্যু
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩ । আপডেট ১১:০০
তুরস্কে আকস্মিক বন্যায় অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় দুইটি শহরে এই বন্যায় আরও অনেকে নিখোঁজ রয়েছেন। গত মাসের ভয়াবহ ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে এই শহর দুটিও রয়েছে।
বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, বন্যার ভুক্তভোগীদের মধ্যে ভূমিকম্পে বেঁচে যাওয়া ব্যক্তিরাও রয়েছেন। ওই ব্যক্তিরা ভূমিকম্পে গৃহহীন হয়ে যাওয়ার পর কন্টেইনারে বাস করছিলেন।

বন্যার পানিতে সানলিউরফা শহরের রাস্তায় গাড়ি ভেসে যেতে দেখা যায়। এই শহরেই ১২ জনের মৃত্যু হয়েছে। এদিকে আদিয়ামান শহরে একটি কন্টেইনারে আশ্রয় নেয়া দুই পরিবারও বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।
শহরটিতে দুই জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ওই কন্টেইনারে বসবাসকারী একজন নারীও ছিলেন। এছাড়া আরও অনেকেই নিখোঁজ হয়েছেন। বন্যার পর শহরের তাঁবুগুলো খালি করা হয়েছে।

গত ৬ ফেব্রুয়ারি জোড়া ভূমিকম্প আঘাত হানে তুরস্কে। এ ঘটনার পাঁচ সপ্তাহ পর এই বন্যার ঘটনা ঘটল। ভয়াবহ ওই ভূমিকম্পে তুরস্কে ৪৮ হাজার মানুষের মৃত্যু হয়েছে। গৃহহীন হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ।
ইউডি/এ

