বিএনপির অহংকার বেড়েছে : শাজাহান খান
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩ । আপডেট ১৪:১৫
‘সুপ্রিম কোর্টে আওয়ামী লীগ ভোট চুরি করেছে’, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্যের সমালোচনা করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খান।
তিনি বলেন, ‘সুপ্রিম কোর্টে দুটি দল নির্বাচনে অংশগ্রহণ করে। তার মধ্যে একটি দল জয়লাভ করবে, আরেকটি দল পরাজয় বরণ করবে-এটাই স্বাভাবিক।
‘আওয়ামী লীগ জয়লাভ করলে বিএনপি মনে করে নির্বাচন সঠিক হয়নি। বিএনপি জয়লাভ করলে নির্বাচন সঠিক, এটা তাদের ধারণা। সুপ্রিম কোর্টে আইনজীবীরা ভোটার। তারা যাদের ভোট দিবে সেই নির্বাচিত হবে। এই ঘটনাকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভিন্নখাতে প্রবাহিত করার জন্য উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছেন’, দাবি করেন তিনি।
বুধবার (১৫ মার্চ) বিকেলে মাদারীপুর সদর উপজেলার কালিকাপুর এলাকায় ক্ষুদ্রাকার পানিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় দুই কোটি চার লাখ টাকা ব্যয়ে আট কিলোমিটার খাল খনন কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
শাজাহান খান বলেন, ‘বিএনপির অহংকার বেড়েছে। তারা মনে করে, সমাবেশ আর মিছিলের মধ্য দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করবে। তা কিন্তু পারে নাই। বিএনপি নানান ধরনের কথাবার্তা অনেক আগে থেকেই বলে আসছে, এমনকি এখনো বলছে। ভবিষ্যতে এমন অপপ্রচার করেই যাবে।
‘শেখ হাসিনার অহংকার নয়, অহংকার বেড়েছে বিএনপির। শেখ হাসিনার বাবা দেশ স্বাধীন করেছেন, সেই হিসেবে তিনি কখনোই অহংকার করেন না। শেখ হাসিনার সবসময় দেশ ও জনগণের প্রতি ভালাবাসা প্রকাশ পেয়েছে’, বলেন শাজাহান খান।
কালিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফায়েকুজ্জামান বাবুলের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন মাদারীপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী আশরাফ আলী খান, সদর উপজেলা প্রকৌশলী মনোয়ার হোসেন, পাঁচখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন টুকুসহ আরও অনেকে।
ইউডি/এ

