বাখমুতে এখনও সামরিক সরঞ্জাম পাঠাতে পারছে ইউক্রেন
উত্তরদক্ষিণ । রবিবার, ১৯ মার্চ ২০২৩ । আপডেট ২১:০০
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বাখমুতের বাইরে রুশ সেনাদের ব্যস্ত রাখছে কিয়েভের সেনারা। এতে শহরে অবস্থারত ইউক্রেনীয় সেনাদের কাছের গোলাবারুদ, খাদ্য, সরঞ্জাম এবং ওষুধ পৌঁছে দিতে পারছে কিয়েভ সরকার। ইউক্রেনের সেনাবাহিনী শনিবার (১৮ মার্চ) এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, কিয়েভ বলছে, বাখমুতে শুক্রবার তারা ১৯৩ রুশ সেনাকে হত্যা করেছে, তাদের শক্ত প্রতিরোধে আহত হয়েছেন ১৯৯ জন।
ইউক্রেনের পূর্ব ডনবাস শিল্প অঞ্চলের নিয়ন্ত্রণ পেতে রাশিয়া বাখমুত দখলকে অগ্রাধিকার দিচ্ছে। কয়েক মাসের যুদ্ধে শহরটি পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে।
ইউক্রেনের সামরিক মুখপাত্র সের্হি চেরেভাতি আইসিটিভি টেলিভিশন চ্যানেলকে বলেন, ‘আমরা বাখমুতে প্রয়োজনীয় যুদ্ধাস্ত্র, খাদ্য, ওষুধ সরবরাহের ব্যবস্থা করছি। আহতদের শহর থেকে বের করে আনার ব্যবস্থাও করছি।’
তিনি বলেন, ‘ইউক্রেনীয় স্কাউট এবং কাউন্টার আর্টিলারি ফায়ার শহরের কিছু রাস্তা খোলা রাখতে সাহায্য করছে। ভারী ক্ষয়ক্ষতির পাশাপাশি কিয়েভপন্থি বাহিনী শুক্রবার দুটি রাশিয়ান ড্রোনকে গুলি করে ভূপাতিত করার পাশাপাশি পাঁচটি গোলাবারুদ ডিপো ধ্বংস করেছে।’
রয়টার্স স্বাধীনভাবে দাবিগুলো যাচাই করতে পারেনি। গত রোববার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, বাখমুত ও এর আশেপাশে এক সপ্তাহেরও কম সময়ে রুশ বাহিনীর ১১০০ জনের বেশি সদস্য নিহত হয়েছেন।
ইউডি/এ

