৯ মাসের মধ্যে বিটকয়েনের মূল্য সর্বোচ্চ
উত্তরদক্ষিণ । সোমবার, ২০ মার্চ ২০২৩ । আপডেট ১৭:০০
বিটকয়েনের দাম হু হু করে বাড়ছে। সোমবারও (২০ মার্চ) শীর্ষ ক্রিপ্টোকারেন্সির দর ঊর্ধ্বমুখী রয়েছে। দৈনিক ভিত্তিতে যা গত ৯ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে আছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।
এতে বলা হয়, গত সপ্তাহে টানা সাত দিন বিটকয়েনের মূ্ল্য বেড়েছে। এ নিয়ে বিগত চার বছরের মধ্যে সেরা সপ্তাহ কাটিয়েছে মুদ্রাটি।
বিশ্বজুড়ে ব্যাংকিং সেক্টরে অস্থিরতা বিরাজ করছে। ফলে ডিজিটাল সম্পদে বিনিয়োগে ঝুঁকছেন ব্যবসায়ীরা। ফলে এ ক্রিপ্টোর দাম বৃদ্ধি পেয়েছে।
এদিন সর্ববৃহৎ ক্রিপ্টোকারেন্সির বাজার মূল্য কমেছে ১ দশমিক ৮ শতাংশ। প্রতিটির দর স্থির হয়েছে ২৭ হাজার ৫৪৯ ডলার। তবে গত ৯ মাসের মধ্যে তা সর্বোচ্চ পর্যায়ে আছে।
আগের কার্যদিবসে (রোববার) বিটকয়েনের দর বেশ বাড়ে। একটির দাম নিষ্পত্তি হয় ২৮ হাজার ৪৭৪ ডলারে। ২০২২ সালের ১২ জুনের পর যা সবচেয়ে বেশি।
গত সপ্তাহে ভার্চুয়াল মুদ্রাটির মূল্য বৃদ্ধি পেয়েছে ২৬ শতাংশ। আর বিগত ১০ দিনে যার দাম বেড়েছে ৩৫ শতাংশেরও বেশি।
গত সপ্তাহে হঠাৎ বন্ধ হয়ে যায় আমেরিকার সিলিকন ভ্যালি ব্যাংক ও সিগনেচার ব্যাংক। সেই রেশ না কাটতেই ক্রেডিট সুইসে ধস নামার আশঙ্কা সৃষ্টি হয়। শেষ পর্যন্ত সেটি কিনে নিয়েছে ইউবিএস। তবু ব্যবসায়ীদের আস্থা ফিরছে না।
সিঙ্গাপুরে ম্যাট্রিক্সপোর্ট ভিত্তিক ডিজিটাল অ্যাসেট ফিন্যান্সিয়াল সার্ভিসের কৌশল ও গবেষণা প্রধান মার্কুস থিয়েলসন বলেন, নগদ অর্থ প্রবাহ ঠিক থাকলে সবক্ষেত্রে গতি বজায় থাকে। বিকল্প তারল্যের অস্ত্র হয়ে উঠছে বিটকয়েন।
তিনি মনে করেন, চলতি বছরের শেষ নাগাদ এক বিটকয়েনের দাম দাঁড়াবে ৪৫ হাজার ডলার। ফলে তারল্য সরবরাহে ক্রিপ্টো সম্পদের দিকে হাঁটতে পারে বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলো। ২০২১ সালে যেমনটি ঘটেছিল। সেসসময় মুদ্রাটির দর রেকর্ড বেড়েছিল।
ইউডি/এ

