নিউইয়র্কে নিরাপত্তা জোড়দার, ট্রাম্প কি গ্রেফতার হচ্ছেন আজ

নিউইয়র্কে নিরাপত্তা জোড়দার, ট্রাম্প কি গ্রেফতার হচ্ছেন আজ

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩ । আপডেট ১১:৩০

আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আজ মঙ্গলবার (২১ মার্চ) গ্রেপ্তার করা হতে পারে। এ জন্য ম্যানহাটানের আদালত এলাকাসহ নিউইয়র্কজুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে মুখ বন্ধ রাখতে দেওয়া অর্থের মামলায় (হাশ মানি মামলা) ট্রাম্পকে গ্রেপ্তার করা হতে পারে।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, এই প্রথম কোনো সাবেক আমেরিকা প্রেসিডেন্টকে ফৌজদারি মামলায় গ্রেপ্তার করা হতে পারে। এর আগে অবশ্য ১৮৭২ সালে ইউলিসিস এস গ্রান্ট গ্রেপ্তার হয়েছিলেন। তবে তার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা ছিল না।

শনিবার (১৮ মার্চ) ট্রাম্প জানিয়েছিলেন, তাকে মঙ্গলবার (২১ মার্চ) গ্রেপ্তার করা হতে পারে। সে সময় তিনি তার সম্ভাব্য গ্রেপ্তারকে মাথায় রেখে সমর্থকদের এর প্রতিবাদ করার আহ্বান জানান। একইসঙ্গে ট্রাম্প সতর্ক করে বলেন, তাকে গ্রেপ্তার করা হলে ২০২১ সালের ক্যাপিটল হিলে যে দাঙ্গার পরিস্থিতি সৃষ্টি হয়েছিল তার পুনরাবৃত্তি ঘটতে পারে।

ম্যানহাটান আদালতের বিচারকরা সোমবার (২০ মার্চ) ট্রাম্পের মামলার বিষয়ে আরও শুনানি করেন। শুনানি শেষে এ সপ্তাহেই ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ গঠনের কথা রয়েছে। সেদিন আদালতে মামলার সাক্ষী রবার্ট কস্টেলো জানান, ট্রাম্পের হয়ে মধ্যস্থতাকারী মাইকেল কোহেন এ হাশ মানির লেনদেনের বিষয়টি মিটিয়েছিলেন।

এদিকে ম্যানহাটানের আদালত এলাকাসহ নিউইয়র্কজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ম্যানহাটানসহ বিভিন্ন এলাকায় পুলিশের গাড়ি থেকে ব্যারিয়ারসহ (এক ধরনের ব্যারিকেড) মিছিল বাধা দেওয়ার বিভিন্ন সরঞ্জাম নামাতে দেখা গেছে। তবে এখন পর্যন্ত বিক্ষোভের কোনো লক্ষণ দেখা যায়নি।

নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস সাংবাদিকদের বলেছেন, পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যম পর্যবেক্ষণ করছে এবং শহরে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে চারদিকে নজর রাখছে।

নিউইয়র্ক পুলিশ বিভাগ বলেছে, এখন পর্যন্ত কোনো বিশ্বাসযোগ্য হুমকি নেই।

অপরদিকে ট্রাম্পকে গ্রেপ্তার করা হোক বা না হোক অভিযুক্ত হলে আঙুলের ছাপ এবং অন্যান্য প্রক্রিয়া শেষ করার জন্য ট্রাম্পকে তার ফ্লোরিডার বাড়ি থেকে নিউইয়র্কে আসতে হবে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading