দীর্ঘদিন পর ঢাকার বাতাসের উন্নতি

দীর্ঘদিন পর ঢাকার বাতাসের উন্নতি

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩ । আপডেট ১৪:০০

রাজধানী ঢাকার বাতাসের মান গত জানুয়ারিতে সবচেয়ে অস্বাস্থ্যকর হিসেবে দেখা যায়। গত কয়েকমাসে দূষিত বায়ুর তালিকায় কখনো প্রথম, কখনো দ্বিতীয় অবস্থানে ছিল। কিন্তু এরই মধ্যে রাজধানীবাসীর জন্য সুখবর দিল ঢাকার বাতাস।

মঙ্গলবার (২১ মার্চ) সকাল ৯টা ১৫ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) ৮৬ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ২৭তম স্থানে দেখা যায় ঢাকাকে। বাতাসের মানের এই স্কোরকে ‘মধ্যম’ বা ‘গ্রহণযোগ্য’ ধরা হয়।

প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে তথ্য দেয়। এর ফলে সেখানে বসবাসকারীদের কোন ধরনের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে তা জানায়।

একিউআই স্কোর ৫০ থেকে ১০০ এর মধ্যে থাকলে সেটি ‘মধ্যম’ বা ‘গ্রহণযোগ্য’ হিসেবে বিবেচনা করা হয়। স্কোর ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়। আবার, ২০১ থেকে ৩০০ একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয় এবং ৩০১ থেকে ৪০০ একিউআই স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়।

অন্যদিকে, চীনের বেইজিং, পাকিস্তানের করাচী এবং দক্ষিণ কোরিয়ার ইনচিওন যথাক্রমে একিউআই ১৯৪, ১৮১ ও ১৭২ স্কোর নিয়ে তালিকার প্রথম তিনটি স্থান দখল করেছে।

বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে। সেগুলো হলো— বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২,সিও,এসও২ এবং ওজোন (ও৩)।

২০১৯ সালের মার্চ মাসে পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে ঢাকার বায়ু দূষণের জন্য ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলোকে সবচেয়ে বেশি দায়ী করা হয়েছে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading