পাকিস্তানে গাড়িতে হামলায় পিটিআই নেতাসহ নিহত ৮
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩ । আপডেট ১৩:৪৫
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের হাভেলিয়ান এলাকায় গাড়িতে হামলার ঘটনায় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) এক নেতাসহ আটজন নিহত হয়েছেন। সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে মঙ্গলবার (২১ মার্চ) এ খবর জানানো হয়েছে।
নিহত পিটিআই নেতার নাম আতিফ জাদুন খান। তিনি দলটির জেলা শাখার চেয়ারম্যান ছিলেন। পুলিশ জানিয়েছে, অ্যাবোটাবাদ জেলার লাংড়া এলাকার কাছে জাদুনের গাড়িতে অতর্কিত হামলা চালায় হামলাকারীরা। ওই সময় সেখানে আরও সাতজন ছিলেন। তারা বাড়িতে ফিরছিলেন। রকেটচালিত গ্রেনেড (আরপিজি) দিয়ে এ হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ বলছে, পূর্ব শত্রুতার জেরে এ হামলা চালানো হতে পারে। হামলার খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকারীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
ইউডি/এ

