আমেরিকার মানবাধিকার প্রতিবেদনে দেশ লজ্জিত: মির্জা ফখরুল
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩ । আপডেট ১৭:৪৫
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমেরিকা ২০২২ সালে বৈশ্বিক মানবাধিকার বিষয়ে যে প্রতিবেদন দিয়েছে, সেটা পড়লে লজ্জিত হই। তারা যে প্রতিবেদন দিয়েছে তাতে দেশ লজ্জিত। দেশে এখন গণতন্ত্র, মানবাধিকার, বাকস্বাধীনতার লেশমাত্র নেই।’
বুধবার (২২ মার্চ) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির সাবেক মহাসচিব কে এম ওবায়দুর রহমানের ১৬ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগ সচেতনভাবে দেশের গণতন্ত্র ধ্বংস করেছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে বাকশাল প্রতিষ্ঠা করে সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। ৭১ থেকে আওয়ামী লীগ একক ক্ষমতা একক নেতৃত্বে বিশ্বাস করে। আওয়ামী লীগ সচেতনভাবে বাংলাদেশ থেকে গণতন্ত্র সরিয়ে ফ্যাসিবাদ, কর্তৃত্ববাদ, একদলীয় শাসন প্রতিষ্ঠা করছে। গোটা দেশ আজ কারাগারে পরিণত হয়েছে। গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকারের পতন ঘটাতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’
তিনি বলেন, ‘আওয়ামী লীগ সবাইকে ছোট করে দেখাতে পছন্দ করে। আওয়ামী লীগ কাউকে সম্মান দিতে জানে না। তাজউদ্দিন আহমেদ, মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নাম মুখেও নেয় না।’
বিএনপি মহাসচিব বলেন, ‘দেশের মাত্র কয়েকজন লোক দেশের সম্পদকে লুট করে বিদেশে পাচার করছে। মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি, ব্যাংক লুটপাট, রিজার্ভ লোপাট করে বাংলাদেশের অর্থনীতিকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে।’
ইউডি/এ

