চট্টগ্রামে সীমা অক্সিজেনের পরিচালক পারভেজের জামিন

চট্টগ্রামে সীমা অক্সিজেনের পরিচালক পারভেজের জামিন

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩ । আপডেট ১৮:০০

চট্টগ্রামের সীতাকুণ্ডে সীমা অক্সিজেন কারখানায় বিস্ফোরণে সাত জন নিহত হওয়ার মামলায় গ্রেপ্তার হওয়া শিল্পকারখানার পরিচালক পারভেজ উদ্দীন সান্টুর জামিন দিয়েছেন আদালত। বুধবার (২২ মার্চ) চট্টগ্রামের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শাহরিয়ার ইকবালের আদালত এই আদেশ দেন।

গত ১৯ মার্চ চট্টগ্রাম জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম জিহান সানজিদার আদালত জামিন আবেদনের অধিকতর শুনানির জন্য বুধবার (২২ মার্চ) দিনটি ধার্য করেছিলেন। চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক জাকির হোসাইন মাহমুদ জানান, আদালত শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেছেন।

আদালত সূত্র জানায়, গত ১৪ মার্চ সন্ধ্যায় নগরীর জিইসি মোড় থেকে পারভেজ উদ্দীন গ্রেপ্তার হন। গত ১৫ মার্চ তাকে চট্টগ্রাম জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম নাজমুন নাহারের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। বিস্ফোরণে হতাহতের ঘটনায় অক্সিজেন কারখানার মালিক তিন ভাই সীমা অক্সিজেন অক্সিকো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মামুন উদ্দীন এবং দুই পরিচালক আশরাফ উদ্দীন ও পারভেজ উদ্দীনসহ ১৬ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। নিহত মো. সালাহউদ্দিনের স্ত্রী রোজিনা বেগম বাদী হয়ে গত ৬ মার্চ রাতে সীতাকুণ্ড থানায় মামলাটি করেন।

গত ৪ মার্চ বিকালে কদমরসুলপুর এলাকায় সীমা অক্সিজেন লিমিটেড কারখানায় বিস্ফোরণের ঘটনায় ঘটনাস্থলেই ছয় জন নিহত হন। পরে চিকিৎসাধীন আরও এক জনসহ বিস্ফোরণে মোট সাত জন মৃত্যুবরণ করেন।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading