মিয়ানমারের ওপর আমেরিকার নতুন নিষেধাজ্ঞা

মিয়ানমারের ওপর আমেরিকার নতুন নিষেধাজ্ঞা

উত্তরদক্ষিণ । শনিবার, ২৫ মার্চ ২০২৩ । আপডেট ১৪:১৫

মিয়ানমারের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা। নতুন নিষেধাজ্ঞায় মিয়ানমারের যুদ্ধবিমানের জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

শুক্রবার (২৪ মার্চ) আমেরিকার কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয় হিসেবে পরিচিত ট্রেজারি বিভাগ থেকে দেওয়া এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে।

জান্তা সরকার ক্ষমতা দখলের পর থেকে প্রায় দুই বছর ধরে বেসামরিক লোকজনের ওপর যে বিমান হামলা চালাচ্ছে, তাকে আমলে নিয়েই জারি করা হয়েছে এই নিষেধাজ্ঞা।
মিয়ানমারের সামরিক বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট দুই ব্যক্তি ও ছয় প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করা হয়েছে এ নিষেধাজ্ঞায়। নিষেধাজ্ঞাপ্রাপ্ত সবাই জান্তাকে যুদ্ধবিমানের জ্বালানি সরবরাহের সঙ্গে সংশ্লিষ্ট।

ট্রেজারি বিভাগের ওই বিবৃতিতে বলা হয়েছে, ‘এসব ব্যক্তি ও প্রতিষ্ঠান মিয়ানমারের সেনাবাহিনীকে যুদ্ধবিমানের জ্বালানি সরবরাহ করা এবং তা আমদানি ও মজুত করতে সহায়তা করে বেসামরিক নাগরিকদের ওপর অবিরাম বিমান ও বোমা হামলা চালাতে সক্ষম করে তুলেছে।’

বিবৃতিতে আরও বলা হয়, এই নিষেধাজ্ঞা একটি প্রাথমিক পদক্ষেপ মাত্র। মিয়ানমারের সেনাবাহিনীকে যারা জ্বালানি, অস্ত্র ও অন্যান্য রশদ সরবরাহ করে আসছেন-যেকোনো সময় তাদের ওপরেও নিষেধাজ্ঞা জারি হবে।

বিবৃতিতে ট্রেজারি বিভাগের সন্ত্রাসবাদ ও অর্থনৈতিক গোয়েন্দা শাখার আন্ডার সেক্রেটারি ব্রায়ান নেলসন বলেন, ‘ক্ষমতা দখলের পর থেকে বার্মার সামরিক সরকার দেশটির জনগণকে নিপীড়ণ-নির্যাতন করে যাচ্ছে। আমেরিকা বার্মার শান্তিকামী ও গণতন্ত্রপন্থী বেসামরিক জনগণের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। সামরিক বাহিনীর এই নৃশংসতা রোধের জন্য যা যা করা সম্ভব-আমেরিকা করবে।’

সেনাপ্রধান জেনারেল মিন অং হ্লেইংয়ের নেতৃত্বে এক অভ্যুত্থানের মাধ্যমে ২০২১ সালের ১লা ফেব্রুয়ারি মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচির নেতৃত্বাধীন সরকারকে হটিয়ে জাতীয় ক্ষমতা দখল করে সামরিক বাহিনী। এর পরে থেকেই সেনাবাহিনীর সঙ্গে দ্বন্দ্ব-সংঘাত শুরু হয়েছে দেশটির বেসামরিক জনগণ এবং সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠীগুলোর। মিয়ানমারে সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর গত দুই বছরের দ্বন্দ্ব-সংঘাতে এ পর্যন্ত নিহত হয়েছেন প্রায় চার হাজার, বাস্তুচ্যুত হয়েছেন কয়েক লাখ মানুষ।

বেসামরিক সরকাবিরোধী আন্দোলন ও জান্তাবিরোধী বিভিন্ন সশস্ত্রগোষ্ঠীকে দমন করতে ২০২১ সাল থেকে মিয়ানমারের বিভিন্ন অঞ্চলে বিমান হামলা চালাচ্ছে জান্তা সরকার। দিন দিন এসব হামলার হার বাড়ছে।

এ সম্পর্কে প্রতিক্রিয়া জানতে ওয়াশিংটনের মিয়ানমার দূতাবাসে যোগাযোগ করেছিল রয়টার্স, কিন্তু দূতাবাসের কোনো কর্মকর্তা এ বিষয়ে মন্তব্য করতে চাননি।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading