‘দেশ টিকিয়ে রাখতে’ সাংবিধানিক ধারা অব্যাহত রাখার আহ্বান ইনুর
উত্তরদক্ষিণ । রবিবার, ২৬ মার্চ ২০২৩ । আপডেট ১৬:৩০
স্বাধীনতার ৫২ বছর পরও দেশে অনেক ‘বৈষম্য’ রয়ে গেছে, সে কথা তুলে ধরে এর সমাধানের জন্য ‘সাংবিধানিক ধারা’ অক্ষুণ্ন রাখার ওপর জোর দিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু।
তিনি বলেছেন, ‘দেশ টিকে থাকলে আমরা সব সমাধান করতে পারব। এজন্য সাংবিধানিক ধারাটা অব্যাহত রাখতে হবে।’
রোববার (২৬ মার্চ) স্বাধীনতা দিবসের সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে দলের পক্ষে পুষ্পাঞ্জলি অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইনু।
তার ভাষায়, ‘৫২ বছর হয়ে গেল, সব শত্রুর মুখে ছাই দিয়ে মাথা উঁচু করে দীপ্ত পদক্ষেপে বাংলাদেশের মানুষ এগিয়ে চলেছে। এটাই সবচেয়ে বড় অর্জন। তবে এখনো অপ্রাপ্তি আছে, অনেক বৈষম্য আছে। এগুলো দূর করতে হবে।’
ক্ষমতাসীন আওয়ামী লীগের জোটসঙ্গী জাসদ সভাপতি বলেন, ‘রাজনৈতিক কর্তব্য পালন করার পাশাপাশি অন্য সকল সমস্যা আমরা মোকাবেলা করব।’
আর ‘সাংবিধানিক ধারা’ অক্ষুণ্ন রেখেই সেটা করার কথা জানিয়ে ইনু বলেন, ‘এখনো বাংলাদেশে লিঙ্গ বৈষম্য আছে, এখনও সবাই সমৃদ্ধির সুফল ভোগ করতে পারছে না৷ আছে সাম্প্রদায়িকতার ছোবল, আছে জঙ্গিবাদের তৎপরতা৷ একাত্তরের মুক্তিযুদ্ধের যে চেতনা, সেই চেতনার ভিত্তিতে বাংলাদেশ টিকে আছে, টিকে থাকবে৷ যে সমস্ত অপ্রাপ্তি দুর্নীতি, লুটপাট, ক্ষমতার অপব্যবহার এ সমস্ত কিছু মোকাবিলা করব আমরা, সাংবিধানিকপথে এবং রাজনৈতিকভাবে।’
শহীদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার সময় জাসদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ইনুর সঙ্গে ছিলেন।
ইউডি/এ

