ডেইলি মেইলের বিরুদ্ধে মামলার শুনানিতে অংশ নিলেন প্রিন্স হ্যারি

ডেইলি মেইলের বিরুদ্ধে মামলার শুনানিতে অংশ নিলেন প্রিন্স হ্যারি

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩ । আপডেট ১১:৩০

লন্ডনের আদালতে শুনানিতে অংশ নিয়েছেন প্রিন্স হ্যারি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি জানায়, বেআইনিভাবে তথ্য সংগ্রহের অভিযোগে ব্রিটেনের সংবাদপত্র ডেইলি মেইল-এর প্রকাশকের বিরুদ্ধে করা মামলার শুনানিতে অংশ নিতে সোমবার (২৭ মার্চ) হাইকোর্টে হাজির হন তিনি।

সম্প্রতি বই লিখে আলোচনার জন্ম দেওয়া প্রিন্স হ্যারি আমেরিকা থেকে লন্ডনে এসেছেন। তবে তার এই সফর পারিবারিক কোনো কাজে নয়। সোমবার হাইকোর্টে শুনানিতে অংশ নিতেই লন্ডনে এসেছেন ডিউক অব সাসেক্স। একই অভিযোগে ব্রিটিশ গায়ক এলটন জনসহ আরও কয়েকজন তারকা আদালতে উপস্থিত ছিলেন।

গত বছর ডেইলি মেইল-এর প্রকাশকের বিরুদ্ধে মামলাটি করা হয়। অভিযোগপত্রে বলা হয়, পত্রিকাটি গাড়ি ও বাড়িতে গোপনে অডিও ডিভাইস বসিয়ে নজরদারি চালিয়েছে। এ ছাড়া তাদের মোবাইল ফোনের ব্যক্তিগত কথোপকথনও রেকর্ড করা হয়েছে।

পারিবারিক কলহের জেরে ২০২০ সালে রাজপ্রাসাদ ছেড়ে স্ত্রী মেগান মার্কেলকে নিয়ে আমেরিকায় পাড়ি জমান প্রিন্স হ্যারি। তবে রাজদায়িত্ব ছাড়লেও তাদের উপাধি এখনও বহাল আছে। সবশেষ রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর তাদের রাজপরিবারের সদস্যদের সঙ্গে দেখা গেছে।

এবারের সফরে বাবা রাজা তৃতীয় চার্লস ও ভাই উইলিয়ামের সঙ্গে তার দেখা হওয়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যমগুলো।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading