দ্বিতীয় দফার বৈঠকের সম্ভাবনা, রাতে পাকিস্তানে যেতে পারে ইরানের প্রতিনিধিদল
উত্তরদক্ষিণ। শুক্রবার (২৪ এপ্রিল) ২০২৬, আপডেট ২৩:২০
ইরান ও আমেরিকার মধ্যে দ্বিতীয় দফার বৈঠকের সম্ভাবনা দেখা দিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির নেতৃত্বে দেশটির একটি প্রতিনিধি দল আজ শুক্রবার (২৪ এপ্রিল) রাতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছাতে পারে।
পাকিস্তানের কয়েকটি সরকারি সূত্রের বরাতেেএ খবর জানিয়েছে আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, সূত্রগুলোর ভাষ্য মতে, আমেরিকা-ইরানের মধ্যে আলোচনায় বড় ধরনের অগ্রগতির ‘প্রবল সম্ভাবনা’ রয়েছে। এর আগে আজ দিনের শুরুতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার টেলিফোনে কথা বলেন। উভয় পক্ষ এ খবর নিশ্চিত করেছে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ফোনে দুই নেতা আঞ্চলিক পরিস্থিতি, যুদ্ধবিরতি ও আমেরিকা-ইরান সম্পৃক্ততার প্রেক্ষাপটে চলমান কূটনৈতিক প্রচেষ্টা নিয়ে আলোচনা করেছেন। ইসহাক দার নিরবচ্ছিন্ন আলোচনার ওপর গুরুত্ব দেন। অন্যদিকে আরাঘচি পাকিস্তানের ‘ধারাবাহিক ও গঠনমূলক মধ্যস্থতাকারীর ভূমিকার’ প্রশংসা করেন।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, আরাঘচি আজ পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গেও ফোনে কথা বলেছেন। তবে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বা আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এই ফোনালাপের বিষয়ে কোনো তথ্য নিশ্চিত বা অস্বীকার করেনি।
আমেরিকা-ইরানের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতির পর গত ১১ ফেব্রুয়ারি ও ১২ ফেব্রুয়ারি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়। কিন্তু প্রায় ২১ ঘণ্টার আলোচনার পরও কোনো সমঝোতা ছাড়া শেষ হয় বৈঠক।
ইউডি/এবি

