শি জিনপিংকে কিয়েভে দেখতে চান জেলেনস্কি
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩ । আপডেট ১৪:৩০
গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রুশ সামরিক অভিযানের পর থেকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সরাসরি কোনো আলোচনা হয়নি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির। আর এমনটা জানিয়েছেন স্বয়ং জেলেনস্কি নিজেই। এমন পরিস্থিতি থেকে কিয়েভ এখন বেরিয়ে আসতে চাইছে।
জেলেনস্কি শুধু চীনের প্রেসিডেন্টের সঙ্গে যোগাযোগই করতে চাইছেন তা নয়, তিনি কিয়েভে নিয়ে আসতে চাইছেন শি জিনপিংকে।
বুধবার (২৯ মার্চ) প্রকাশিত আসোসিয়েটেড প্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেছেন, ‘আমরা তাকে (চীনের প্রেসিডেন্টকে) এখানে (ইউক্রেনে) দেখতে প্রস্তুত। আমি তার সঙ্গে কথা বলতে চাই। পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর আগে তার সঙ্গে আমার যোগাযোগ ছিল। কিন্তু এক বছরের বেশি সময় তার সঙ্গে আমার যোগাযোগ নেই।’
তবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বুধবার সাংবাদিকদের বলেছেন, জেলেনস্কির সরকার আসলেই চীনের প্রেসিডেন্টকে কিয়েভ সফরের আমন্ত্রণ জানিয়েছেন কি না, সে বিষয়ে নিশ্চিত তথ্য তার কাছে নেই। চীনের প্রেসিডেন্ট এ ধরনের প্রস্তাব গ্রহণ করবেন কি না তাও তিনি বলতে পারেননি।
চীন গত মাসে রাশিয়া-ইউক্রেন সংঘাতের অবসানের জন্য ১২ দফা রোডম্যাপ উন্মোচন করেছে। বেইজিং এর মাধ্যমে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। বেইজিংয়ের দাবি, তাদের প্রস্তাবে সমাধান হিসেবে নিষেধাজ্ঞা আরোপের পরিবর্তে টেকসই ইউরোপীয় নিরাপত্তাতেই জোর দেওয়া হয়েছে।
রাশিয়া চীনের প্রস্তাব নিয়ে আলোচনায় আগ্রহী হলেও আমেরিকা তা এক অর্থে বাতিল করে দিয়েছে। যদিও এ ইস্যুতে পুরোপুরি নিশ্চুপই আছে কিয়েভ। এখন দেখা যাচ্ছে, জেলেনস্কিই চাইছেন শি যাতে কিয়েভ সফর করেন। অর্থ্যাৎ, চীনের মধ্যস্ততা মানতে আপত্তি নেই তাদেরও।
গত মাসেই জেলেনস্কি বলেছিলেন, চীনের শান্তি পরিকল্পনা বিবেচনায় প্রস্তুত কিয়েভ। কিন্তু সেই চুক্তিই তারা গ্রহণ করবেন, যার আলোকে রাশিয়া তার সেনাকে ইউক্রেনের ভূখণ্ড থেকে সরিয়ে নেবে।
ইউডি/এ

