কানাডা-আমেরিকা সীমান্তে ৮ জনের মরদেহ উদ্ধার
উত্তরদক্ষিণ । শনিবার, ০১ এপ্রিল ২০২৩ । আপডেট ১১:১৫
কানাডা-আমেরিকা সীমান্তের কাছে একটি জলাভূমি থেকে দুই শিশুসহ আটজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তারা অবৈধভাবে আমেরিকায় প্রবেশের চেষ্টা করেছিলেন।
স্থানীয় সময় বৃহস্পতিবার ছয়টি এবং শুক্রবারে দুটি মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের মধ্যে তিন বছরের কম বয়সী এক শিশুও রয়েছে। এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বিবিসি।
পুলিশ জানায়, সীমান্তবর্তী নদী সেন্ট লরেন্সের পাশে একটি উল্টে যাওয়া নৌকার পাশে মরদেহগুলোকে পাওয়া গেছে। পুলিশ প্রধান জানান, মৃত্যুর কারণ জানতে তাদের অনুসন্ধান চলছে। সেই সঙ্গে পলাতক নৌকার মাঝিকে খুঁজতে চলছে অভিযান।
আদিবাসী অধ্যুষিত মোহাক অঞ্চলটি কানাডার কুইবেক ও অন্টারিও প্রদেশ থেকে আমেরিকার নিউইয়র্ক পর্যন্ত বিস্তৃত।
স্থানীয় পুলিশের উপপ্রধান লি অ্যান ও’ব্রায়েন বলেছেন, ডুবে যাওয়া নৌকাটি খুব ছোট ছিল এবং এটি বৃষ্টি ও প্রবল বাতাসসহ খারাপ আবহাওয়ার কবলে পড়ে ডুবে যায়। মৃত্যুর সঠিক কারণ জানার জন্য মরদেহগুলোর ময়নাতদন্ত করতে মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তিনি বলেছেন, এ ঘটনা সত্যি হৃদয়বিদারক।
অভিবাসীদের অ্যাকওয়েসন সীমান্ত দিয়ে আমেরিকায় প্রবেশের প্রবণতা বেড়েছে। চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত এই সীমান্ত দিয়ে ৪৮টি পারাপারের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন লি অ্যান ও’ব্রায়েন। তিনি বলেছেন, দুই দেশের এই সীমান্তে সেন্ট লরেন্স নদী রয়েছে। নদী পার হয়ে আমেরিকার পাড়ে পৌঁছার পর তারা গাড়িতে করে নিউইয়র্কে যান।
ইউডি/এ

