বাংলাদেশের উন্নতির স্বীকৃতি দিতে আমেরিকার কংগ্রেসে বিল

বাংলাদেশের উন্নতির স্বীকৃতি দিতে আমেরিকার কংগ্রেসে বিল

উত্তরদক্ষিণ । শনিবার, ০১ এপ্রিল ২০২৩ । আপডেট ২০:৩০

বাংলাদেশের ৫২তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আমেরিকার কংগ্রেসে গত ২৯ মার্চ একটি বিল উত্থাপন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যে আর্থসামাজিক উন্নতি করেছে সেটির স্বীকৃতি দিতে বিলটি কংগ্রেসে তোলা হয়।

কংগ্রেসের বাংলাদেশ বিষয়ক কমিটির সহ-সভাপতি হিসেবে বিলটি উত্থাপন করেন দক্ষিণ ক্যারোলিনার রিপাবলিকান কংগ্রেসম্যান জো উইলসন।

২০০১ সাল থেকে দক্ষিণ ক্যারোলিনার দ্বিতীয় কংগ্রেসনাল বিভাগের প্রতিনিধি হিসেবে কংগ্রেসে রয়েছেন জো।

বিলটি উত্থাপনের সময় জো উইলসন ৫১ বছর আগে ১৯৭২ সালের ৪ এপ্রিল বাংলাদেশকে আমেরিকার স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার বিষয়টি সামনে আনেন।

এছাড়া বিলটিতে বাংলাদেশে পাকিস্তানের সেনাবাহিনীর চালানো বর্বরতার কথা এবং বাংলাদেশের স্বাধীনতার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের অবদানের কথা উল্লেখ করা হয়েছে।

বিলটিতে বলা হয়েছে, পাঁচ দশকে বাংলাদেশ আর্থসামাজিক খাতে অসাধারণ উন্নতি করেছে। একটি গরীব দেশ থেকে বিশ্বের সবচেয়ে ক্রমবর্ধমান অর্থনীতির দেশে পরিণত হয়েছে।

এই বিলে আরও বলা হয়েছে, ১৯৭১ সালে স্বাধীনতা লাভের পর বাংলাদেশের অর্থনীতি ৯ বিলিয়ন ডলার থেকে ৪৫০ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। মানুষের গড় আয়ু ৪৭ বছর থেকে ৭৩ বছর হয়েছে এবং বয়স্ক শিক্ষার হার প্রায় ৭৫ শতাংশে পৌঁছেছে।

এরপর বিলটিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা উল্লেখ করে বলা হয়েছে, তার নেতৃত্বে আর্থসামাজিক, খাদ্য উৎপাদন, দুর্যোগ ব্যবস্থাপনা, দারিদ্রতা বিমোচন, স্বাস্থ্যখাত, শিক্ষা এবং নারী ক্ষমতায়নে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে বাংলাদেশ।

এছাড়া বিলটিতে বলা হয়েছে, বাংলাদেশ একটি শান্তিপ্রিয় মুসলিম দেশ হিসেবে নিজ অবস্থান ধরে রেখেছে এবং জঙ্গিবাদের হুমকি প্রশমিত করেছে। এছাড়া বাংলাদেশে মানুষ স্বৈরাচারী শাসনের বদলে গণতন্ত্রকেই সমর্থন করে বলে এই বিলটিতে উল্লেখ করা হয়েছে।

এরপর বাংলাদেশ ও আমেরিকার সম্পর্কের বিষয়টি বলা হয়েছে বিলটিতে। এতে বলা হয়েছে, বাংলাদেশ আমেরিকার সবচেয়ে বড় রপ্তানির বাজার এবং সরাসরি বৈদেশিক বিনিয়োগের অন্যতম বড় সূত্র। অপরদিকে বাংলাদেশ দ্বিপাক্ষিক বাণিজ্য এবং আন্তর্জাতিক নিরাপত্তা সহযোগিতার মাধ্যমে আমেরিকার অর্থনীতিতে অবদান রাখছে।

কয়েক লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার সাধারণ আমেরিকানরা বাংলাদেশের প্রতি কৃতজ্ঞ বলেও উল্লেখ করা হয়েছে বিলটিতে।

এছাড়া বিলটিতে বলা হয়েছে, জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে বাংলাদেশের সবচেয়ে বড় অবদান রাখার বিষয়টিকে আমেরিকা স্বাগতম জানায়। দুই দেশের সাধারণ মানুষ এবং সরকার উন্নতির জন্য একে-অপরের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক বৃদ্ধি করতে চায় বলে উল্লেখ করা হয়েছে এতে।

বিলটির শেষে বলা হয়েছে, স্বাধীনতার পাঁচ দশক উদযাপনের সময় বাংলাদেশের মানুষের উন্নতিকে স্বীকৃতি এবং প্রশংসা করে আমেরিকার সাধারণ মানুষ। এছাড়া বাংলাদেশের অর্থনৈতিকম সামাজিক এবং জাতীয় নিরাপত্তার লক্ষ অর্জনে ভবিষ্যতেও আমেরিকা সহযোগী হিসেবে থাকবে বলেও বলা হয়েছে এতে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading