ইরান সীমান্তে ৪ পাকিস্তানি সেনা নিহত

ইরান সীমান্তে ৪ পাকিস্তানি সেনা নিহত

উত্তরদক্ষিণ । রবিবার, ০২ এপ্রিল ২০২৩ । আপডেট ১২:০০

ইরান সীমান্তে পাকিস্তানের চার সেনা সদস্য নিহত হয়েছেন। পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, সীমান্তে টহলরত তাদের চার সেনাকে হত্যা করেছে ইরানের হামলাকারীরা।

ওই বিবৃতিতে জানানো হয়েছে, কেচ জেলার জলগাই সেক্টরে পাকিস্তান-ইরান সীমান্তে একটি নিয়মিত সীমান্ত টহলে অংশ নেওয়া সেনা সদস্যদের ওপর হামলা চালানো হয়। এতে চার সেনা সদস্য প্রাণ হারান। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি।

সামরিক বাহিনীর মিডিয়া শাখা আইএসপিআর এক বিবৃতিতে বলেছে, ইরানে পরিচালিত একদল সন্ত্রাসী পাকিস্তান-ইরান সীমান্তে টহলরত পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর আক্রমণ করেছে। এসব সন্ত্রাসীর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধ করতে ইরানের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

নিহত সেনা সদস্যদের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন শের আহমেদ, মুহাম্মদ আসগর, মুহাম্মদ ইরফান ও আবদুর রশিদ।

পাকিস্তান এবং ইরানের মধ্যে ৯০০ কিলোমিটারেরও বেশি (৫৬২ মাইল) সীমান্ত। অতীতেও এ ধরনের বেশ কিছু হামলার ঘটনা ঘটেছে।

বিদ্রোহী বেলুচ জাতীয়তাবাদী দলগুলো বলছে, তারা আঞ্চলিক সম্পদের একটি বৃহৎ অংশের জন্য লড়াই করছে। সীমান্তের দুই পাশে বেলুচগোষ্ঠীগুলো সক্রিয় রয়েছে।

গত জানুয়ারিতে বেলুচিস্তানে ইরান সীমান্তে চার নিরাপত্তা কর্মকর্তার হত্যার ঘটনার নিন্দা জানিয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

সে সময় তিনি বলেন, আমরা আশা করি ইরান নিশ্চিত করবে যে তাদের মাটি যেন আন্তঃসীমান্ত হামলার জন্য ব্যবহার না হয়।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading