৭ কলেজে ভর্তির আবেদন শুরু
উত্তরদক্ষিণ । রবিবার, ০২ এপ্রিল ২০২৩ । আপডেট ২২:০০
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভূক্ত সরকারি সাত কলেজ ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে স্নাতকের ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয়েছে। রোববার (০২ এপ্রিল) থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়। চলবে আগামী ৩০ এপ্রিল (রোববার) পর্যন্ত। আগামী ১৬ জুন থেকে শুরু হবে ভর্তি পরীক্ষা।
এবছর স্নাতক প্রথম বর্ষে (২০২২-২০২৩ শিক্ষাবর্ষ) ভর্তির ক্ষেত্রে কোনো আসন বাড়ানো হচ্ছে না। ২০২১-২২ শিক্ষাবর্ষ অর্থাৎ গত বছরের সমান সংখ্যক আসনের ভিত্তিতেই ভর্তি প্রক্রিয়া অনুষ্ঠিত হবে।
গত বছরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, অধিভুক্ত সরকারি সাত কলেজে স্নাতকে মোট আসন সংখ্যা ছিল ২১ হাজার ৫১৩টি। যার মধ্যে বিজ্ঞান ইউনিটের বিভাগগুলোতে মোট আসন সংখ্যা ছয় হাজার ৫০০টি, বাণিজ্য ইউনিটের বিভাগগুলোতে আসন সংখ্যা পাঁচ হাজার ৩১০টি, কলা ও সমাজবিজ্ঞান ইউনিটে আসন সংখ্যা ৯ হাজার ৭০৩টি।
সরকারি সাত কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১৬ জুন (শুক্রবার), বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ১৭ জুন (শনিবার) এবং ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা ২৪ জুন (শনিবার) অনুষ্ঠিত হবে। এই তিন ইউনিটের পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
এর আগে ১৬ মার্চ (বৃহস্পতিবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনস্থ অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি কমিটির এক সভায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।
ঢাবি অধিভুক্ত সাত কলেজ হলো
ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, শহীদ সোহরাওয়ার্দী সরকারি কলেজ, সরকারি বাঙলা কলেজ ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ।
ইউডি/এ

