প্রতিবন্ধীদের জন্য ৮ বিভাগীয় শহরে হবে স্থায়ী আবাসন : সমাজকল্যাণমন্ত্রী
উত্তরদক্ষিণ । রবিবার, ০২ এপ্রিল ২০২৩ । আপডেট ২১:৪৫
সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, ‘নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী (এনডিডি) ব্যক্তিদের জন্য স্থায়ী আবাসন ও পুনর্বাসন কেন্দ্র নির্মাণে প্রকল্প গ্রহণ করা হয়েছে। দেশের আটটি বিভাগীয় শহরে আটটি আবাসন ও পুনর্বাসন কেন্দ্র স্থাপন করা হবে।’
রোববার (০২ এপ্রিল) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ১৬তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের আলোচনা পর্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন তিনি।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু ও সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন।
সমাজকল্যাণমন্ত্রী বলেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিরা যে দেশের সম্পদ তা বর্তমান সরকারের নানা কর্মকাণ্ডের কারণে মানুষ বুঝতে সক্ষম হয়েছে। আগে প্রতিবন্ধতা মানে অভিশাপ মনে করা হতো। বর্তমানে দেশে শনাক্ত করা প্রতিবন্ধীর সংখ্যা প্রায় ৩০ লাখ। এসব প্রতিবন্ধী ব্যক্তি শতভাগ ভাতা ও প্রতিবন্ধী শিক্ষার্থীরা উপবৃত্তি পাচ্ছেন। অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ও অন্যান্য নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য থেরাপিসেবা, বিশেষ শিক্ষা, মাতা-পিতা ও কেয়ারগিভারদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।’
মন্ত্রী বলেন, ‘নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, আবাসন ও পুনর্বাসনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের আটটি বিভাগে আটটি আবাসন ও পুনর্বাসন কেন্দ্র স্থাপনের নির্দেশনা দেন। এনডিডি ব্যক্তিরা যেন উন্নত ও নিশ্চিত জীবনযাপন করতে পারে সে লক্ষ্যে কেন্দ্রসমূহ হবে আধুনিক প্রযুক্তিগত সব সুযোগ সুবিধা সম্বলিত একটি ওয়ানস্টপ সেন্টার।’
বিশেষ অতিথির বক্তব্যে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, সমাজের কোনো অংশকে বাদ দিয়ে উন্নয়ন সম্ভব নয়। অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তিদের উপযুক্ত প্রশিক্ষণ ও সহযোগিতা দিয়ে দক্ষ করে গড়ে তোলা হচ্ছে। সরকারের পাশাপাশি বেসরকারি ও স্বেচ্ছাসেবী সংস্থাকে অটিজম নিয়ে কাজ করার আহ্বান জানান প্রতিমন্ত্রী।
এ সময় রাশেদ খান মেনন বলেন, এনডিডি নিয়ে ২০১৩ সালে আইন প্রণয়নের পর থেকে এ ধরনের প্রতিবন্ধিতা বিষয়ে সচেতনতা বেড়েছে। সরকারের নানামুখী উদ্যোগের কারণে তারা সমাজের মূল স্রোতে এসেছে। প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে পরিচালিত কর্মসূচি আরও বেগবান করতে হবে।
পরে মন্ত্রী নুরুজ্জামান আহমেদ অটিজম বিষয়ে বিশেষ অবদান রাখায় ১০ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠানের হাতে সম্মাননা তুলে দেন।
ইউডি/এ

