দুই কোম্পানির বোর্ড সভা বিকেলে
উত্তরদক্ষিণ । সোমবার, ০৩ এপ্রিল ২০২৩ । আপডেট ১২:১৫
শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান উত্তরা ব্যাংক ও প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডেরে বোর্ড সভা আজ অনুষ্ঠিত হবে। কোম্পানিদ্বয়ের বোর্ড সভা আজ দুপুর ২টায় অনুষ্ঠিত হবে।
সভায় কোম্পানি দুটির সর্বশেষ সমাপ্ত ২০২২ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ডের ঘোষণা আসতে পারে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সর্বশেষ সমাপ্ত ২০২২ অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) উত্তরা ব্যাংকের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৯৯ পয়সা, আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ২ টাকা ৫৩ পয়সা। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ অর্থবছরের জন্য বিনিয়োগকারীদের মোট ২৮ শতাংশ ডিভিডেন্ড দিয়েছে উত্তরা ব্যাংক। এর মধ্যে ১৪ শতাংশ ক্যাশ ও ১৪ শতাংশ স্টক ডিভিডেন্ড। আলোচ্য অর্থবছরে উত্তরা ব্যাংকের সমন্বিত ইপিএস হয়েছে ৩ টাকা ৯৩ পয়সা, যা আগের বছরে ছিল ৩ টাকা ৮০ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২১ শেষে ব্যাংকটির সমন্বিত এনএভিপিএস দাঁড়ায় ৩২ টাকা ৮৩ পয়সায়।
সর্বশেষ সমাপ্ত ২০২২ অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের কর-পরবর্তী নিট মুনাফা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ৩৫ শতাংশ কমেছে। সর্বশেষ সমাপ্ত অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে কোম্পানিটির নিট মুনাফা হয়েছে ৮ কোটি ১৩ লাখ টাকা, আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ১২ কোটি ৫১ লাখ টাকা। ২০২২ অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা, অর্থবছরের একই সময়ে যা ছিল ৩ টাকা ৮ পয়সা। গত বছরের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২৬ টাকা ২ পয়সায়।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স।
ইউডি/এ

