৪২ ঘণ্টায় চার্জশিট: হাইকোর্টে হাজির হলেন তদন্ত কর্মকর্তা

৪২ ঘণ্টায় চার্জশিট: হাইকোর্টে হাজির হলেন তদন্ত কর্মকর্তা
প্রতীকী ছবি

উত্তরদক্ষিণ । সোমবার, ০৩ এপ্রিল ২০২৩ । আপডেট ১৩:০০

মো. রুবেল হত্যা মামলার তদন্ত কর্মকর্তা মানিকগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মাকসুদুর রহমান কেস ডকেটসহ ব্যাখ্যা দিতে আদালতে হাজির হয়েছেন। নির্ধারিত দিন অনুযায়ী আজ সোমবার (০৩ এপ্রিল) সকালে আদালতে হাজির হন তিনি। ব্যাখ্যা দেন, কেস ডায়েরি সম্পর্কে জানান আদালতকে।

সোমবার (০৩ এপ্রিল) বিচারপতি মো. বদরুজ্জামান ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে তিনি হাজির হয়ে ব্যাখ্যা দেন। এরপর আবার বেলা ২টায় ব্যাখ্যা শোনার জন্য আদালত সময় নির্ধারণ করেন।

এর আগে গত ২ মার্চ ‘লাশ উদ্ধার থেকে অভিযোগপত্র, ৪২ ঘণ্টার অবিশ্বাস্য তদন্ত’ শিরোনামে প্রতিবেদন ছাপে একটি জাতীয় দৈনিক। সেই প্রতিবেদনটি যুক্ত করে ওই মামলার নথি তলবের নির্দেশনা চেয়ে আসামি সোহেল ওরফে নুরুন্নবী ও বাদী চম্পা আক্তার ওরফে অঞ্জনা ৫ মার্চ ওই আবেদন করেন। সোহেল ও চম্পা সম্পর্কে ভাই–বোন। আর নিহত রুবেল সোহেলের ভগ্নিপতি।

আদালতে আবেদনকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অপূর্ব কুমার ভট্টাচার্য ও সহকারী অ্যাটর্নি জেনারেল মো. মিজানুর রহমান।

শুনানিতে শিশির মনির আদালতে বলেন, গত ২৩ সেপ্টেম্বর ওই হত্যার ঘটনার পর ২৪ সেপ্টেম্বর মামলা হয়। মামলা দায়েরের ২৩ ঘণ্টার মধ্যে ময়নাতদন্ত রিপোর্ট, সুরতহাল প্রতিবেদন, আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি এবং ১৩ জনের সাক্ষী নেওয়ার পর ২৫ সেপ্টেম্বর অভিযোগপত্র দাখিল করা হয়। সবকিছু এক দিনের মধ্যেই হয়ে গেছে। তাই কার্যধারার সঠিকতা নির্ণয় করা প্রয়োজন।

শুনানি শেষে আদালত বলেন, এত তাড়াতাড়ি অভিযোগপত্র হতে দেখিনি। প্রাথমিকভাবে দেখা যাচ্ছে, অস্বাভাবিক গতিতে তদন্ত হয়েছে। আধা ঘণ্টা করে হলেও ১৩ জনের সাক্ষী নিতে সাড়ে ৬ ঘণ্টা লাগার কথা। আগে থেকে তৈরি করা, সবাই এসে দিয়ে গেল মনে হচ্ছে। তিনি (তদন্ত কর্মকর্তা) আসুক, শুনি। এরপর তাকে তলব করা হয়। সেই তলব আদেশে তিনি আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দিচ্ছেন। এ বিষয়ে দুপুর ২টায় আবারও শুনানির জন্য আদালত সময় নির্ধারণ করেছেন।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading