কোরআন পোড়ানো বন্ধ হওয়া উচিত, বলছেন ৫১ শতাংশ সুইডিশ
উত্তরদক্ষিণ । সোমবার, ০৩ এপ্রিল ২০২৩ । আপডেট ২১:০০
পবিত্র কোরআনসহ অন্যান্য ধর্মের পবিত্র গ্রন্থ পোড়ানো বন্ধ হওয়া উচিত বলে জানিয়েছেন ৫১ শতাংশ সুইডিশ। শনিবার (০২ এপ্রিল) প্রকাশিত এক জরিপে এ তথ্য উঠে আসে।
জরিপে বলা হয়েছে, মত প্রকাশের স্বাধীনতার অংশ হিসেবে ৩৪ শতাংশ নাগরিক কোরআন পোড়ানোর পক্ষে মত দিয়েছেন। ১৫ শতাংশ এ নিয়ে কোনো মন্তব্য করেননি। সিপো নামে দেশটির একটি গবেষণা প্রতিষ্ঠান জরিপটি পরিচালনা করে।
গত ১৪ থেকে ১৬ মার্চ জরিপটির কার্যক্রম চালানো হয়। এতে এক হাজার ৩৭০ জন তাদের মতামত প্রকাশ করেন।
এদিকে দেশটির পাবলিক ব্রডকাস্টার এসভিটি বলছে, ‘ডেনমার্কের উগ্র ডানপন্থী রাজনীতিবিদ রাসমুস পালুদানের মুসলিমদের পবিত্র গ্রন্থের বিরুদ্ধে উস্কানিমূলক ঘটনা নিয়ন্ত্রণে দেশটির কোষাগার থেকে ৮৫ লাখ ডলার খরচ করতে হয়েছে।’
ডেনমার্কের উগ্র ডানপন্থী রাজনৈতিক দল স্ট্রাম কুরসের নেতা রাসমুস পালুদান জানুয়ারিতে পুলিশের সামনে সুইডেনের রাজধানী স্টকহোমে তুর্কি দূতাবাসের কাছে কোরআনে আগুন ধরিয়ে দেন।
সুইডেনে ইসলাম ও অভিবাসনকে মৌখিকভাবে আক্রমণ করে তিনি বলেন, ‘আপনি যদি মনে করেন মত প্রকাশের স্বাধীনতা থাকা উচিত নয়, তাহলে আপনাকে অন্য কোথাও বসবাস করতে হবে।’
রাসমুস পালুদানের এমন কাণ্ডে বিশ্বের অনেক মুসলিম দেশ তীব্র নিন্দা জানিয়েছে। এছাড়া বিভিন্ন বেসরকারি সংস্থাও এ কাজের বিরোধিতা করেছে।
ইউডি/এ

