প্রাথমিকে আন্তঃসিটি করপোরেশনে বদলির আবেদন শুরু মঙ্গলবার
উত্তরদক্ষিণ । সোমবার, ০৩ এপ্রিল ২০২৩ । আপডেট ১৭:৩০
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক/প্রধান শিক্ষকদের সিটি করপোরেশনের অভ্যন্তরে অথবা আন্তঃসিটি করপোরেশন বদলি শুরু হচ্ছে। এজন্য মঙ্গলবার থেকে আবেদন করা যাবে।
সোমবার (০৩ এপ্রিল) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক নাসরিন সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আগামী ৪ থেকে ১২ এপ্রিল পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান/সহকারী শিক্ষকদের অন্যত্র থেকে সিটি করপোরেশনের অভ্যন্তরে অথবা আন্তঃসিটি করপোরেশনে অনলাইন বদলি কার্যক্রম চলমান থাকবে।’
বদলিতে আগ্রহীদের যখন যা করতে হবে
৪ থেকে ৬ এপ্রিল পর্যন্ত শিক্ষকরা অনলাইনে আবেদন করবেন। ৭ থেকে ৮ এপ্রিল পর্যন্ত উপজেলা/থানা শিক্ষা অফিসার প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করবেন। ৯ এপ্রিল জেলা প্রাথমিক শিক্ষা অফিসার প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করবেন। ১০ এপ্রিল বিভাগীয় উপপরিচালক প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করবেন। ১১ থেকে ১২ এপ্রিল মহাপরিচালক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করবেন।
যেসব নির্দেশনা মানতে হবে
শিক্ষকরা সর্বোচ্চ তিনটি বিদ্যালয় ক্রমানুসারে পছন্দ করবেন। তবে কোনো শিক্ষকের একাধিক পছন্দ না থাকলে শুধু একটি বা দুটি বিদ্যালয় পছন্দ করতে পারবেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বদলির আদেশ জারি হলে তা বাতিল করার জন্য পরবর্তীতে কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না।
যাচাইকারী কর্মকর্তা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে ২২ ডিসেম্বর ২০২২ তারিখে জারি সর্বশেষ ‘সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা (সংশোধিত) ২০২২’ অনুযায়ী আবেদনকারীর আবেদন ও অন্যান্য কাগজপত্রাদি যাচাই করে অগ্রায়ণ করবেন।
যাচাইকারী কর্মকর্তা-সতর্কতার সঙ্গে যাচাই করবেন। যাচাইপূর্বক প্রেরণ পরবর্তী তা পুনঃবিবেচনা করার আবেদন গ্রহণযোগ্য হবে না।
ইউডি/এ

