বঙ্গবাজারে আগুন: ঢাবির হলের পুকুর থেকে পানি নিচ্ছে ফায়ার সার্ভিস
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০৪ এপ্রিল ২০২৩ । আপডেট ১০:৫০
রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪৭টি ইউনিট। এরই মধ্যে সেখানে পৌঁছেছে সেনাবাহিনীর একটি সম্মিলিত সাহায্যকারী দল। এর আগে যোগ দেয় বিমান বাহিনীর ফায়ার সার্ভিস।
মঙ্গলবার (০৪ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটের দিকে বঙ্গবাজারের এনেক্স মার্কেটের পাশের টিনশেড মার্কেটটিতে এই অগ্নিকাণ্ড ঘটে।
আগুন নিয়ন্ত্রণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের পুকুর থেকে সাতটি পাইপ লাগিয়ে পানি নিচ্ছে ফায়ার সার্ভিস।
হলের নিরাপত্তা প্রহরী মো. সুমন বলেন, ‘সাড়ে ৬টা থেকে সাতটি পাইপ লাগিয়ে পুকুর থেকে পানি নিচ্ছে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণের জন্য ফায়ারের লোকজন আমাদের কাছে আসে পানির জন্য। পরে আমরা হলের গেট খুলে দেই। তারা তখন থেকে সাতটি পাইপ লাগিয়ে পুকুর থেকে পানি নিচ্ছে।’
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, ‘সকাল ৬টায় বঙ্গবাজার মার্কেট আগুন লাগার খবর পেয়ে একের পর এক ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। এ পর্যন্ত ৪৭টি ইউনিট কাজ করছে।’
তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ছাড়া হতাহতের কোনো খবরও আমাদের কাছে আসেনি।’
মাইকে করে এলাকাবাসীকে আগুন নিয়ন্ত্রণে এগিয়ে আসার আহ্বান জানানো হচ্ছে। রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি না করে সবাইকে ফায়ার সার্ভিসের কাজে সহায়তার কথা বলা হচ্ছে।
প্রাথমিকভাবে জানা গেছে, বঙ্গবাজার মার্কেটের দোতলা থেকে আগুনের সূত্রপাত। ব্যবসায়ীরা বলছেন, ঈদের আগে এ ধরনের দুর্ঘটনা তাদের পথে নামিয়ে দিয়েছে। মাত্রই ঈদের বাজার শুরু হয়েছিল। ঠিক সেই মুহূর্তে এ ধরনের আগুন ব্যবসায়ীদের বড় ধরনের ক্ষতি হয়ে গেল।
কয়েকজন ব্যবসায়ী জানিয়েছেন, সারা বছর অপেক্ষা করে থাকে এই ঈদ মৌসুমে ব্যবসা করবে বলে। কিন্তু আগুন সব শেষ করে দিল।
ইউডি/এ

