বঙ্গবাজারে আগুন: আশপাশের সড়কে যান চলাচল বন্ধ

বঙ্গবাজারে আগুন: আশপাশের সড়কে যান চলাচল বন্ধ

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০৪ এপ্রিল ২০২৩ । আপডেট ১২:০০

রাজধানীর বঙ্গবাজার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ওই এলাকার আশপাশের সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

মঙ্গলবার (০৪ এপ্রিল) ট্রাফিক লালবাগ বিভাগের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার জয়িতা দাস এ তথ্য জানিয়েছেন।

আগুন নিয়ন্ত্রণ কর্মকাণ্ড জোরদার রাখতে এবং ফায়ার সার্ভিসসহ অংশ নেওয়া বিভিন্ন বাহিনীর যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট এলাকার যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানান তিনি।

বঙ্গবাজার মার্কেট এলাকায় ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস, পুলিশ, র‌্যাব, বিজিবি, সেনাবাহিনী, বিমানবাহিনী এবং নৌবাহিনীসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ আগুন নেভাতে ৫০টি ইউনিট কাজ করছে ফায়ার সার্ভিসের।

জানা গেছে, হাইকোর্ট থেকে গুলিস্তান, হাইকোর্টের দিক থেকে বঙ্গবাজার, নর্থ সাউথ রোডের দিক থেকেও বঙ্গবাজারের দিকের রাস্তা বন্ধ আছে। গুলিস্তান, বঙ্গবাজার, ফুলবাড়িয়া, নাজিরা বাজার, আনন্দবাজার সড়ক থেকেও যান চলাচল বন্ধ আছে। এ ছাড়া পুলিশ সদর দপ্তরের সামনের সড়ক থেকে ঢাকা মেডিকেল পর্যন্ত কোনো কোনো সড়কে যান চলাচল বন্ধ, কোথাও নিয়ন্ত্রণ ও সীমিত করা হয়েছে।

ট্রাফিক ব্যবস্থাপনায় আশপাশের এলাকায় স্বেচ্ছাসেবকরা কাজ করছেন। আগুন নিয়ন্ত্রণ ও পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ ট্রাফিক নির্দেশনা বহাল থাকবে। এলাকায় চলাচলকারী সাধারণ মানুষ ও যানবাহনকে বিকল্প সড়ক ব্যবহার করার অনুরোধ জানানো হয়েছে ট্রাফিক বিভাগের পক্ষ থেকে।

এদিকে বঙ্গবাজারে লাগা আগুন এখনো বাড়ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের সদস্যরা মার্কেটের চারদিক থেকে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে বাতাসের কারণে আগুন ছড়িয়ে পড়ছে। বঙ্গবাজার মার্কেটে লাগা আগুন পাশের এনেক্সকো টাওয়ারেও ছড়িয়ে পড়েছে।

সরেজমিনে দেখা যায়, আগুনের কারণে ধোঁয়ার কুণ্ডলীতে ছেয়ে গেছে বঙ্গবাজারের আকাশ। ভয়াবহ এ আগুনের কারণে প্রচণ্ড তাপ অনুভূত হচ্ছে। সময়ের সঙ্গে সঙ্গে আগুনের তীব্রতা বাড়ছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, ‘প্রয়োজন হলে সব ইউনিট কাজ করবে।’

মঙ্গলবার (০৪ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আর ৬টা ১২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানান তিনি।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading