আজও ঢাকার বায়ু ‘অস্বাস্থ্যকর’
উত্তরদক্ষিণ । রবিবার, ০৯ এপ্রিল ২০২৩ । আপডেট ১০:১৫
রাজধানী ঢাকার দূষণমাত্রা আজও অস্বাস্থ্যকর। রোববার বায়ু মানের স্কোর হচ্ছে ১৬৬। একই সময়ে বায়ুদূষণের শীর্ষে রয়েছে ইন্ডিয়ার দিল্লি। শহরটির দূষণের সূচকে স্কোর হচ্ছে ২৫১ অর্থাৎ ‘খুবই অস্বাস্থ্যকর’।
রোববার (০৯ এপ্রিল) সকাল ৮টার দিকে আবহাওয়ার মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য।
দূষণের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে থাইল্যান্ডের চিয়াং মাই। শহরটির স্কোর হচ্ছে ২৪১ অর্থাৎ ‘খুবই অস্বাস্থ্যকর’। পাকিস্তানের লাহোরও রয়েছে তালিকায়। এই শহরের দূষণমাত্রার স্কোর হচ্ছে ১৯৯ অর্থাৎ অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে সেখানকার বায়ু।
স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি হিসেবে ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়।
এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
ইউডি/এ

