জাপানে ৩০ বছরের কমবয়সী অর্ধেক মানুষ সন্তান চান না
উত্তরদক্ষিণ । শনিবার, ০৮ এপ্রিল ২০২৩ । আপডেট ২১:০০
জাপানে ৩০ বছরের কম বয়সী অবিবাহিত প্রায় অর্ধেক মানুষ সন্তান চান না। একটি ফার্মাসিউটিক্যাল ফার্মের সাম্প্রতিক জরিপ থেকে এ কথা জানা গেছে। খবর সিনহুয়ার। সন্তান না চাওয়ার কারণ হিসেবে তারা অর্থনৈতিক অনিশ্চয়তা, সন্তান জন্মদান ও প্যারেন্টিংয়ের সমস্যার কথা তুলে ধরে। রোহতো ফার্মাসিটিউক্যাল কোম্পানী লিমিটেডের জরিপে দেখা গেছে ১৮ থেকে ২৯ বছর বয়সী চারশো উত্তরদাতার ৪৯.৪ শতাংশ বলেছে, তারা সন্তান নিতে আগ্রহী নয়। গত তিন বছরে চালানো জরিপের তুলনায় এ হার সর্বোচ্চ।
লিঙ্গ ভিত্তিতে ৫৩.০ শতাংশ পুরুষ ও ৪৫.৬ শতাংশ নারী বাবা মা না হওয়ার ইচ্ছে ব্যক্ত করেছে। জানুয়ারিতে অনলাইনে জরিপটি পরিচালনা করা হয়। এদিকে দেশটির সরকারি তথ্যে দেখা গেছে, ২০২২ সালে শিশু জন্ম সর্বনিম্ন আট লাখে নেমে আসে যা ১৮৯৯ সালে তথ্য রেকর্ড শুরুর পর সর্বনিম্ন। সরকারের ধারণার চেয়ে অনেক আগেই শিশু জন্ম কমে যাওয়ার এ তথ্য এলো। সরকারের পক্ষ থেকে ২০১৭ সালে বলা হয়েছিল জাপানে ২০৩৩ সালে জন্মসংখ্যা আট লাখে নেমে আসবে।
জাপানের শিশু জন্মহার অনেকদিন ধরেই কমে যাচ্ছে। কয়েক বছর ধরে জন্মহার বাড়ানোর চেষ্টা করে যাচ্ছে দেশটির স্বাস্থ্য, শ্রম ও সমাজকল্যাণ মন্ত্রণালয়। সেই উদ্যোগের অংশ হিসেবে জাপানের স্বাস্থ্য, শ্রম ও সমাজকল্যাণ মন্ত্রণালয় জন্মহার বাড়াতে উৎসাহ দিতে নতুন পদক্ষেপ নিয়েছে। দেশটির যেসব দম্পতি সন্তান নিচ্ছেন, তাদের বিশেষ প্রকল্পের আওতায় অর্থসহায়তা দেওয়া হচ্ছে। জাপানে জীবনধারণের খরচ অনেক বেশি হওয়ায় দম্পতিরা সন্তান নিতে চান না। এ কারণেই সন্তান নিলে তাদের আর্থিক সহায়তা দেয় জাপানের সরকার।
বর্তমানে সদ্য বাবা-মা হওয়া দম্পতিদের শিশুর জন্ম ও শিশুকল্যাণের জন্য ৪ লাখ ২০ হাজার ইয়েন দিচ্ছে জাপান সরকার। জাপানের স্বাস্থ্যমন্ত্রী কাতসুনবু কাতো জানিয়েছেন, এই প্রকল্পের আওতায় অর্থসহায়তার পরিমাণ বাড়িয়ে ৫ লাখ ইয়েন [প্রায় ৩ হাজার ৭০০ ডলার করতে চান তারা।
ইউডি/এ

