ঈদ ‘আনন্দ মেলা’ উপস্থাপনায় সিয়াম
উত্তরদক্ষিণ । শনিবার, ১৫ এপ্রিল ২০২৩ । আপডেট ১৫:০৫
বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ঈদের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দ মেলা’ এবার সেজেছে ভিন্ন আঙ্গিকে। এবারের উপস্থাপনাতে থাকছে বড় চমক। যেখানে নামকরা তারকারা উপস্থাপনার পাশাপাশি নিজেদের পরিবেশনাও তুলে ধরবেন।
অনুষ্ঠানে উপস্থাপক হিসেবে থাকছেন এ প্রজন্মের জনপ্রিয় দুই তারকা সিয়াম আহমেদ ও পূজা চেরি। প্রথমবারের মত এ জুটি অংশ নিচ্ছেন ‘আনন্দ মেলা’য় এবং উপস্থাপনাতেও। উপস্থাপনার পাশাপাশি তারা নৃত্য পরিবেশনাও করবেন। এছাড়াও বিগত আনন্দ মেলার উপস্থাপক সাজু খাদেম ও তারিন, শামীম আরা নিপা ও জুয়েল আইচকেও উপস্থাপনা করতে দেখা যাবে। তারা উপস্থাপনার পাশাপাশি অংশ নেবেন নাচ, গান, অভিনয়ে।
অনুষ্ঠানে হারানো দিনের গানে নৃত্য পরিবেশন করবেন চিত্রনায়ক ফেরদৌস ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। এছাড়াও থাকছে ব্যান্ড ‘জলের গান’র পরিবেশনা, মমতাজের একক পরিবেশনা, শিবলী মোহাম্মদ-শামীম আরা নিপার তত্ত্বাবধানে ৪০ জন নৃত্যশিল্পীর অংশগ্রহণে নৃত্য, মাদারীপুরের তরুণদের নির্মিত তামিল সিনেমার ফাইটিং দৃশ্যের আদলে একটি পরিবেশনা, মেট্রোরেল নিয়ে একটি নাটিকা ও মীরাক্কেলের শাওনের কৌতুক।
সাদিকুল ইসলাম নিয়োগীর প্রযোজনায় ‘আনন্দ মেলা’ প্রচারিত হবে ঈদের দিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর।
ইউডি/কেএস

