নিশ্চিন্তে চুলা জ্বালানোর পরামর্শ তিতাসের

নিশ্চিন্তে চুলা জ্বালানোর পরামর্শ তিতাসের

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩ । আপডেট ১১:১৫

রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাসের গন্ধ ছড়িয়ে পড়ার পর মঙ্গলবার (২৫ এপ্রিল) সকালের দিকে কমে এসেছে গ্যাসের গন্ধ। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। নিশ্চিন্তে চুলা জ্বালানোর কথা জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

তিতাসের ব্যবস্থাপনা পরিচালক হারুনুর রশীদ মোল্লাহ গণমাধ্যমকে বলেন, ‘আতঙ্কিত হওয়ার কিছু নেই। নিশ্চিন্তে গ্যাসের চুলা জ্বালাতে পারেন। কিছু এলাকায় সমস্যা হয়েছিল। তার সমাধান হয়ে গেছে। এখন পরিস্থিতি স্বাভাবিক।’

তিনি আরও বলেন, ‘গ্যাসের মধ্যে যে গন্ধ দেওয়া হয়, সেটা তো নিরাপত্তার জন্যই দেওয়া হয়। যাতে লিকেজ হলে গন্ধ বের হয়। আমরা সব ঠিক করেছি।’

সোমবার (২৪ এপ্রিল) দিবাগত রাত ১১টা থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গ্যাসের তীব্র গন্ধ পাওয়া যাচ্ছিল। অনেকে আতঙ্কিত হয়ে রাস্তায় নেমে আসেন। গ্যাসের মেইন সুইচ বন্ধ করে দেন। এ অবস্থায় রাতে জ্বালানি মন্ত্রণালয় ও তিতাস কর্তৃপক্ষ জানিয়েছিল, ঈদে শিল্প-কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ থাকায়, সঞ্চালন ও বিতরণ লাইনে গ্যাসের চাপ বেড়ে যাওয়ায় (ওভার-ফ্লো) গন্ধ বাইরে আসছে। তিতাসের জরুরি ও টেকনিক্যাল টিম বিষয়টি নিয়ে কাজ করছে। নগরবাসীকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন তারা।

এদিকে ফায়ার সার্ভিস থেকেও বলা হয়েছিল, যেসব এলাকায় গ্যাসের গন্ধ পাওয়া যাচ্ছে, আপাতত সেসব জায়গায় কয়েক ঘণ্টা চুলা জ্বালানো থেকে বিরত থাকা নিরাপদ হবে। অনাকাঙ্ক্ষিত অগ্নিকাণ্ড প্রতিরোধে ফায়ার সার্ভিসের বিভিন্ন ইউনিট রাস্তায় টহলেও বের হয়।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ তার ফেসবুক পেজে সোমবার রাত ১২টার দিকে বলেন, ‘ঢাকার বেশ কয়েকটি জায়গায় গ্যাসের গন্ধ পাওয়ার খবরে নাগরিকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। নগরবাসীকে আতঙ্কিত না হওয়ার জন্য অনুরোধ করছি। ঢাকার গ্যাস বিতরণ কোম্পানি তিতাস গ্যাস কর্তৃপক্ষ এরই মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।’

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading