ইন্দোনেশিয়ায় ৭.৩ মাত্রার ভূমিকম্প
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩ । আপডেট ১২:৩০
ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের পশ্চিমাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৩। ভূমিকম্প আঘাত হানার পর দ্বীপজুড়ে সুনামি সতর্কতাও জারি করা হয়। এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে রয়টার্স।
স্থা্নীয় সময় মঙ্গলবার (২৫ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে এ ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের পর কয়েকবার আফটার শকও অনুভূত হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ভূমিকম্পের দুই ঘণ্টা পর সুনামি সতর্কতা তুলে নেওয়া হয়।
সুমাত্রার পশ্চিম উপকূলের পাদাঙের শহরের বাসিন্দারা জানান, ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করায় আতঙ্কিত হয়ে পড়েন তারা। মাঝরাতেই তাদের ওই এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়।
হেন্দ্রা নামে এক বাসিন্দা বলেন, ‘আমরা শুনেছি সুনামি আসছে, তাই দ্রুত আশ্রয়কেন্দ্রে ছুটে এসেছি। এখানে আমার পরিবার ছাড়া আর কিছুই আমরা সঙ্গে করে আনিনি।’
ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থা এক বিবৃতিতে বাসিন্দাদের সতর্ক থাকার জন্য অনুরোধ জানিয়েছে। বিশেষ করে উপকূলীয় অঞ্চলে বসবাসকারীদের ৩০ সেকেন্ডের বেশি সময় ধরে ভূকম্পন অনুভূত হলে দ্রুত উঁচু স্থানে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।
সংস্থাটি আরও জানিয়েছে, মেনতাওয়াই দ্বীপপুঞ্জের কিছু অংশে বিদ্যুৎ বিভ্রাট হয়েছে। এটি ভূমিকম্প উৎপত্তিস্থলের সবচেয়ে কাছাকাছি অবস্থিত এলাকা।
এর আগে ২০০৯ সালে পাদাঙে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানলে ১ হাজারের বেশি মানুষ নিহত হয়েছিল। এতে আহত হয়েছিল আরও বেশি এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল।
রি অব ফায়ারকে বলা হয় পৃথিবীর সর্ববৃহৎ ভূমিকম্প বলয়। আর এ বলয়ের অংশ হওয়ায় ইন্দোনেশিয়ায় প্রায়ই ভূকম্পন অনুভূত হয়।
ইউডি/এ

