ঈদের ছুটিতে মারামারির অভিযোগে জরুরি সেবায় ২৪২৫টি কল
উত্তরদক্ষিণ । বুধবার, ২৬ এপ্রিল ২০২৩ । আপডেট ১৯:০০
ঈদের ছুটিতেও সারা দেশের বিভিন্ন স্থান থেকে সাহায্য চেয়ে বিভিন্ন রকম কল এসেছে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ। এর মধ্যে সবচেয়ে বেশি কল আসে দুই হাজার ৪২৫টি মারামারি সংক্রান্ত। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ রয়েছে বায়ু দূষণ সংক্রান্ত অভিযোগ ৯৫৭টি।
গত ১৯ এপ্রিল থেকে ২৪ এপ্রিল পর্যন্ত জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ এসব কল আসে বলে জানিয়েছে সংস্থাটি। বুধবার (২৬ এপ্রিল) বিকেলে এসব নিশ্চিত করেন ৯৯৯ এর পরিদর্শক (ফোকাল পার্সন অ্যান্ড মিডিয়া) আনোয়ার সাত্তার।
তিনি বলেন, ঈদের ছুটির সময় সারাদেশ থেকে সাহায্য চেয়ে বিভিন্ন বিষয়ে ৯৯৯ নম্বরে কল আসলেও ১০টি বিষয়ে সর্বোচ্চ ফোন আসে। এসব ফোন পাওয়ার পর কলারকে আমরা সঙ্গে সঙ্গে তার কাঙ্ক্ষিত সেবা দেওয়ার চেষ্টা করেছি।
কলের মধ্যে আরও রয়েছে জুয়া সংক্রান্ত অভিযোগ ৬১৬টি, অগ্নিদুর্ঘটনা ৫৭৯টি, নারী নির্যাতন সংক্রান্ত ঘটনা ৫৭৩টি, দুর্ঘটনা সংক্রান্ত খবর আসে ৫৬৯টি, সন্ত্রাসী কর্মকাণ্ড সংক্রান্ত অভিযোগ ৪৯৬টি, পারিবারিক সমস্যা সংক্রান্ত অভিযোগ ৪৮৩টি, ফায়ার ইমার্জেন্সি সংক্রান্ত খবর ৪৬০টি ও জমি দখল সংক্রান্ত ৪০০টি ফোন আসে। একই সময় সন্ত্রাসী কর্মকাণ্ড সংক্রান্ত ৪৯৬টি অভিযোগ আসে ৯৯৯ এর কাছে। এসব খবর ও অভিযোগ পাওয়ার পর ভুক্তভোগীদের পুলিশি সেবা নিশ্চিত করে ৯৯৯।
ইউডি/এ

