শুক্রবার রাতে বিমানবন্দর সড়ক এড়িয়ে চলার পরামর্শ
উত্তরদক্ষিণ । বুধবার, ২৬ এপ্রিল ২০২৩ । আপডেট ২০:০০
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনের সড়কে শুক্রবার (২৮ এপ্রিল) রাত থেকে সাত ঘণ্টা যানবাহন চলাচল সীমিত থাকবে। বুধবার (২৬ এপ্রিল) এক গণবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। বেবিচক জানায়, আগামী শুক্রবার রাত ১১টা থেকে পরদিন শনিবার (২৯ এপ্রিল) সকাল ৬টা পর্যন্ত মোট সাত ঘণ্টা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনের সড়কে যানবাহন চলাচল সীমিত থাকবে।
এতে আরও বলা হয়েছে, বিমানবন্দরের সামনের উড়াল সড়কের নির্মাণকাজের জন্য ওই সাত ঘণ্টা সামনের সড়কে সব ধরনের যান চলাচল সীমিত রাখা হবে। এ সময় ভারী ও মালবাহী যানবাহনকে বিমানবন্দর সড়কে না গিয়ে, বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ করা হয়েছে।
এর আগে গত ২৪ নভেম্বর সড়ক উন্নয়ন কাজের জন্য চার দিন সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত বিমানবন্দর সড়ক এড়িয়ে চলার পরামর্শ দিয়েছিল বিআরটি কর্তৃপক্ষ। গ্রেটার ঢাকা সাসটেইনেবল আরবান ট্রান্সপোর্ট প্রজেক্ট (বিআরটি, গাজীপুর-এয়ারপোর্ট) থেকে এ বিষয়ে বিশেষ ট্রাফিক নির্দেশনা দেওয়া হয়।
‘গ্রেটার ঢাকা সাসটেইনেবল আরবান ট্রান্সপোর্ট’ প্রকল্পের (বিআরটি, গাজীপুর-এয়ারপোর্ট) আওতায় প্রায় হাজার কোটি টাকা ব্যয়ে এই উড়াল সড়ক নির্মাণ করা হচ্ছে গাজীপুর থেকে শাহজালাল বিমানবন্দর পর্যন্ত। বিমানবন্দর থেকে গাজীপুরের শিববাড়ী পর্যন্ত বিআরটি প্রকল্পের দৈর্ঘ্য ২০ দশমিক ৫ কিলোমিটার। এর মধ্যে আবদুল্লাহপুর থেকে টঙ্গীর চেরাগআলী পর্যন্ত ৪ দশমিক ৫ কিলোমিটার উড়াল সড়ক ও ৬টি উড়ালসেতু রয়েছে।
ইউডি/এ

