শুক্রবার দেশের হলে মুক্তি পাবে ‘পাঠান’
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০২ মে ২০২৩ । আপডেট ১৭:২০
শর্ত সাপেক্ষে অনেক জল্পনা কল্পনা শেষে বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে বলিউড বাদশা শাহরুখ খান অভিনীত ‘পাঠান’ সিনেমাটি। আগামী ৫ মে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি।
খোঁজ নিয়ে জানা যায়, এরই মধ্যে সাফটা চুক্তিতেচএ সিনেমা আমদানির এনওসি’ সংগ্রহ করেছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। ফলে সেন্সর বোর্ডের অনুমতি পেলেই সিনেমাটি বাংলাদেশে মুক্তি দিতে আর কোনো বাঁধা নেই।
আমদানিকারী প্রতিষ্ঠানটির পক্ষ থেকে অনন্য মামুন বলেন, ‘আমরা নির্দিষ্ট সময়ই দেশে “পাঠান” মুক্তি দিচ্ছি। এরই মধ্যে সরকারের পক্ষ থেকে সকল অনুমতিপত্র আমরা হাতে পেয়েছি। শুরুতে আমরা ২০টির মতো সিনেমা হলে মুক্তি দেব। যেহেতু ঈদে আমাদের দেশের অনেকগুলো ছবি মুক্তি পেয়েছে এবং সেগুলো ভালো যাচ্ছে তাই আমরা দেশের সিনেমাকে গুরুত্ব দিতে চাই৷ আগামী সপ্তাহে ‘পাঠান’ আরও বেশি হলে আসবে।’
আগামী দুই একদিনের মধ্যেই সিনেমাটি সেন্সর বোর্ডে জমা পড়বে। সেখান থেকে ছাড়পত্র এলেই শুরু হবে ‘পাঠান’ মুক্তির কার্যক্রম।
শাহরুখ খান অভিনীত ‘পাঠান’ সিনেমাটি বিশ্বব্যাপী চলতি বছরের ২৫ জানুয়ারি মুক্তি পেলেও বাংলাদেশে আসেনি। যশ রাজ ফিল্মস প্রযোজিত এ সিনেমাটি এ দেশে মুক্তি দিতে জানুয়ারি থেকেই সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন চলচ্চিত্র নির্মাতা অনন্য মামুন।
এদিকে, ‘পাঠান’ মুক্তির বিপেক্ষ অবস্থান নিয়েছে ঈদে মুক্তি পাওয়া সিনেমার প্রযোজক ও পরিচালকরা। আজ রোববার বিকেলে সংবাদ সম্মেলনও করেছেন তারা।
জানা গেছে, সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঈদের ৮ সিনেমা- ‘লিডার: আমিই বাংলাদেশ’, ‘কিল হিম’ ,‘শত্রু’, ‘লোকাল’, ‘জ্বীন’, ‘আদম’, ‘পাপ’ ও ‘প্রেম প্রীতির বন্ধন’র পরিচালক ও প্রযোজকরা।
ইউডি/কেএস

