কোরআন অবমাননার দায়ে ইরানে দুজনের মৃত্যুদণ্ড কার্যকর
উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ০৯ মে ২০২৩ । আপডেট ১৪:০০
পবিত্র কোরআন এবং মহানবী হজরত মুহাম্মদ সা. কে অবমাননার দায়ে দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। সোমবার (০৮ মে) সকালে এই শাস্তি কার্যকর করা হয় বলে জানায় বিচার বিভাগ। খবর আল আরাবিয়ার।
বিচার বিভাগীয় খবর প্রকাশকারী মিজান অনলাইনের ওয়েবসাইটের খবরে বলা হয়, দণ্ডিত দুজন হলেন সদরুল্লাহ ফজলে জরি এবং ইউসুফ মেহরদাদ। মহানবী সা. কে নিয়ে আপত্তিকর কথা বলা ও পবিত্র কোরআন পোড়ানোর অভিযোগে তাদের সাজা হয়েছিল। আজ (সোমবার) সকালে তাদের মৃত্যুদণ্ড কার্যকর হয়।
মিজানের খবরে বলা হয়, ২০২১ সালের মার্চে এই দুজনের একজন সামাজিক যোগাযোগমাধ্যমে তার অ্যাকাউন্টে অবমাননাকর মন্তব্য প্রকাশ করার কথা স্বীকার করেছিলেন।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ মানবাধিকার সংগঠনগুলোর তথ্যমতে, চীন ছাড়া অন্য যেকোনো দেশের তুলনায় প্রতিবছরে বেশি মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করে ইরান।
গত এপ্রিল মাসে দুটি অধিকার গ্রুপ জানায়, দেশটি আগের বছরের তুলনায় ২০২২ সালে ৭৫ শতাংশ বেশি মানুষকে ফাঁসিতে ঝুলিয়েছে।
ইউডি/এ

