এমপি হিসেবে শপথ নিলেন নোমান আল মাহমুদ
উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ০৯ মে ২০২৩ । আপডেট ১৮:০০
সংসদ সদস্য (এমপি) হিসেবে শপথ নিয়েছেন চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে নির্বাচিত নোমান আল মাহমুদ।
মঙ্গলবার (৯ মে) সংসদ ভবনস্থ নিজ কার্যালয়ে তাকে শপথ বাক্য পাঠ করান স্পিকার ড.শিরীন শারমিন চৌধুরী। সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সংসদ সদস্য ওয়াসিকা আয়শা খান, সংসদ সদস্য বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন, সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল ও সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম।
এছাড়া শপথ অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী এবং সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন উপস্থিত ছিলেন। শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত সংসদ সদস্য নোমান আল মাহমুদ রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন।
এর আগে ২৭ এপ্রিল চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে জয়ী হন নোমান আল মাহমুদ। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নোমান আল মাহমুদ পেয়েছেন ৬৭ হাজার ২০৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ইসলামী ফ্রন্টের আবদুস সামাদ পেয়েছেন পাঁচ হাজার ৮৯ ভোট। গত ৫ ফেরুয়ারি সংসদ সদস্য মোসলেম উদ্দিনের মৃত্যুর পর আসনটি শূন্য হয়। এর আগে ২০২০ সালে মঈনউদ্দিন খান বাদলের মৃত্যুতে আসনটি শূন্য হয়েছিল।
ইউডি/এ

