সুদান থেকে জেদ্দায় পৌঁছেছেন আরও ১৭৬ বাংলাদেশি

সুদান থেকে জেদ্দায় পৌঁছেছেন আরও ১৭৬ বাংলাদেশি

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১১ মে ২০২৩ । আপডেট ১২:০০

যুদ্ধকবলিত সুদান থেকে আরও ১৭৬ জন বাংলাদেশি জেদ্দা বিমানবন্দরে পৌঁছেছেন। বুধবার (১০ মে) বিকেলে বদর এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে তারা জেদ্দা পৌঁছান।

এ সময় তাদের স্বাগত জানান সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। জেদ্দায় নিযুক্ত বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক এ সময় উপস্থিত ছিলেন।

বুধবার রাতে বদর এয়ারলাইন্সের আরও দুটি ফ্লাইটে ৩০২ জন এবং আগামীকাল রাতে আরও ৭৪ জন যাত্রী জেদ্দা পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুদান থেকে প্রত্যাগত বাংলাদেশি এ সকল নাগরিকদের মধ্যে ৫২ জন বুধবার দিবাগত রাত একটার ফ্লাইটে জেদ্দা এয়ারপোর্ট থেকে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা দিবে। বৃহস্পতিবার কাতার এয়ারলাইন্সে ১৩০ জন ও মদিনা হতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ২৩৮ জন দেশে ফিরে যাবেন। অন্যদের বিভিন্ন ফ্লাইটে যত শিগগিরই সম্ভব দেশে পাঠানো হবে। এ সকল বাংলাদেশিদের জন্য জেদ্দা বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি সেকশনে বিশ্রাম, খাবার ও প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা নেয়া হয়েছে।

এর আগে গত ৮ মে সুদান থেকে জেদ্দা হয়ে ১৩৬ জন যাত্রী বাংলাদেশে পৌঁছে। সুদানে প্রায় এক হাজার পাঁচশত বাংলাদেশি নাগরিক বসবাস করেন, এরমধ্যে যারা দেশে আসার জন্য নিবন্ধন করেছেন পর্যায়ক্রমে সবাইকে দেশে ফিরিয়ে নেওয়া হবে। সৌদি আরবের বাংলাদেশ দূতাবাস ও জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট এ ব্যাপারে সকল প্রস্তুতি গ্রহণ করেছে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading