দ্বিতীয় দফায় গড়াতে পারে তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচন
উত্তরদক্ষিণ । সোমবার, ১৫ মে ২০২৩ । আপডেট ১০:১৫
তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনের প্রাথমিক ফলাফলে এগিয়ে রয়েছেন ২০ বছর ধরে দেশটির ক্ষমতায় থাকা বর্তমান প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। তবে প্রথম দফার নির্বাচনে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য প্রয়োজনীয় ৫০ শতাংশ ভোট তিনি এখন পর্যন্ত নিশ্চিত করতে পারেননি।
তুরস্কের সংবাদমাধ্যমগুলোর হিসাব বলছে, সোমবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ছয়টা পর্যন্ত প্রেসিডেন্ট নির্বাচনের ৯৭ দশমিক ৪৫ শতাংশ ব্যালট গণনা হয়েছে। এতে এরদোয়ান পেয়েছেন ৪৯ দশমিক ৩৫ শতাংশ ভোট। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী কামাল কিলিচদারোগলু পেয়েছেন ৪৪ দশমিক ৯৭ শতাংশ। কোনো প্রার্থী ৫০ শতাংশ ভোট না পেলে রানঅফ বা দ্বিতীয় দফায় ভোট হবে ২৮ মে।
বিরোধী জোটের এক সিনিয়র নেতা রয়টার্সকে বলেছেন, মনে হচ্ছে প্রথম দফায় কেউ জয়ী হতে পারছেন না। আল জাজিরার সাংবাদিক আব্দেলাজিম মোহাম্মদ ইস্তাম্বুল থেকে বলেছেন, সিনান ওগানের প্রাপ্ত ভোটের হার স্থিতিশীল। তিনি যে ভোট পাচ্ছেন তাতে করে এরদোয়ানের ৫০ শতাংশের ভোট নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে। আর কিরিকদারোগলুর পক্ষে ৫০ শতাংশের বাধা অতিক্রম সম্ভব হবে না। এই ফলাফল ইঙ্গিত দিচ্ছে, এরদোয়ানের ভোটের হার ৫০ শতাংশের অল্প কিছু কম থাকতে পারে শেষ পর্যন্ত, হয়ত ৪৯ দশমিক ৫ শতাংশ বা কাছাকাছি।
প্রেসিডেন্ট নির্বাচনের দিন পার্লামেন্টের ৬০০ এমপি নির্বাচনেও ভোট গ্রহণ হয়েছে। ৯৬ দশমিক ৩৯ শতাংশ ভোট গণনা দেখা যাচ্ছে, এরদোয়ানের দল একে পার্টি নেতৃত্বাধীন পিপলস অ্যালায়েন্স পেয়েছে ৩২৩টি আসন। এর মধ্যে একে পার্টি একাই ২৬৭টি আসনে জয়ী হয়েছে। ক্ষমতাসীন জোটের প্রধান প্রতিদ্বন্দ্বী ন্যাশনাল অ্যালায়েন্স জয়ী হয়েছে ২১১ আসনে।
এরদোয়ান দাবি করেছেন, প্রতিদ্বন্দ্বীর চেয়ে স্পষ্ট ব্যবধানে এগিয়ে আছেন তিনি। এরদোয়ান বলেন, ‘প্রথম দফা ভোটে নির্বাচন শেষ হবে কি না, আমরা এখনো তা জানি না। কিন্তু দেশের মানুষ ইচ্ছায় দ্বিতীয় দফায় লড়তে প্রস্তুত রয়েছি আমি।’
রাজধানী আঙ্কারায় দলের সদর দপ্তরের বারান্দায় সমর্থকদের উদ্দেশে করা বক্তৃতায় এরদোয়ান বলেন, ‘আমরা সব সময় জাতীয় ইচ্ছার প্রতি সম্মান জানিয়েছি। এই নির্বাচন ও আগামী নির্বাচনেও আমরা জাতীয় ইচ্ছাকেই সম্মান জানাব।’
এদিকে ফল ঘোষণায় বিলম্বের অভিযোগ তুলেছেন কামাল কিলিচদারোগলু। তাঁর দাবি, ভোট গণনা এতক্ষণে শেষ হয়ে যাওয়ার কথা। কিন্তু নির্বাচন কমিশন ফল ঘোষণায় বিলম্ব করছে। বিশেষ করে যেসব কেন্দ্রে তাঁর জয়ী হওয়ার সম্ভাবনা অনেক বেশি।
ফল ঘোষণায় বিলম্ব প্রসঙ্গে কিলিচদারোগলু বলেন, ‘এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। শিগগিরই ভোটের ফল জানা যাবে। দেশের জনগণ আর বেশিক্ষণ এ অনিশ্চয়তার মধ্যে থাকতে চায় না। ভোটে জনগণের ইচ্ছার প্রতিফলন নিয়ে কেউ শঙ্কিত হবেন না।’
ইউডি/এ

