আমেরিকার ভিসানীতি নিয়ে চিন্তিত হওয়ার কারণ নেই: মোমেন

আমেরিকার ভিসানীতি নিয়ে চিন্তিত হওয়ার কারণ নেই: মোমেন

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩ । আপডেট ১৭:২৫

পররাষ্ট্র মন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, আমরা বিশ্বাস করি আমেরিকা নতুন ভিসা নীতির ফলে জ্বালাও-পোড়াও দলরা আরও সচেতন হবে। এ ভিসা নীতি নিয়ে আমাদের কোনো দুশ্চিন্তা নেই।

বৃহস্পতিবার (২৫ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন তিনি।

এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা দেশে জ্বালাও-পোড়াও চাই না। গতবার তারা ৩ হাজার ৮০০ গাড়ি, ২৭টি বগি জ্বালিয়েছে। জ্বালাও-পোড়াও আর রাস্তা দখল করে আন্দোলন কেউ চায় না। নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন করলে সরকার সহযোগিতা করবে।

তিনি বলেন, আমেরিকার ভিসা নীতি নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। কেননা প্রধানমন্ত্রী যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন চান। সেটাকেই আরও শক্তিশালী করবে এ নতুন নীতি।

ড. মোমেন বলেন, আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে গত ৩ মে আমাকে চিঠি দিয়েছেন। চিঠিতে তিনি বলেছেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের অঙ্গীকার লক্ষ্য রেখেই নতুন এ ভিসা নীতি করা হয়েছে। এটা তো ভালোই। আমাদের নীতিকেই তো তারা সমর্থন করেছে।

মন্ত্রী বলেন, এ ভিসা নীতি নিয়ে আমাদের কোনো দুশ্চিন্তা নেই। এর ফলে সম্পর্কে কোনো টানাপোড়েনও হবে না।

মোমেন বলেন, শুধু সরকার চাইলেই ফ্রি ফেয়ার ইলেকশন হয় না। এখানে সব দলের সহযোগিতা প্রয়োজন। আমরা সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা করণীয় সবই করবো।

প্রসঙ্গত, বুধবার (২৪ মে) বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে নতুন ভিসা নীতি ঘোষণা করেছে আমেরিকা। এ ভিসা নীতির আওতায় বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য দায়ী বা জড়িতদের ভিসা দেওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করবে দেশটি।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading