ঢাকা-বেইজিং বৈঠক আজ, গুরুত্ব পাবে রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যু

ঢাকা-বেইজিং বৈঠক আজ, গুরুত্ব পাবে রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যু

উত্তরদক্ষিণ । শনিবার, ২৭ মে ২০২৩ । আপডেট ১২:০০

ঢাকা-বেইজিং পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক বসছে আজ। ছোট পরিসরে হলেও এ বছরের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর ওপর জোর দিচ্ছে চীন।

শনিবার (২৭ মে) ঢাকায় এ সভা অনুষ্ঠিত হবে। এতে রোহিঙ্গা প্রত্যাবাসন ছাড়াও আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন ইস্যু গুরুত্ব পাবে। এতে চীনের পক্ষে যোগ দেবেন ভাইস মিনিস্টার সুন ওয়েইডং, আর বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

এফওসিতে নেতৃত্ব দিতে চীনের ভাইস মিনিস্টার ওয়েইডং একটি প্রতিনিধিদল নিয়ে শুক্রবার (২৬ মে) রাতে ঢাকায় পৌঁছায়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইস্ট এশিয়া অ্যান্ড প্যাসিফিক অনু‌বিভা‌গের মহাপ‌রিচালক তৌ‌ফিক হাসান এবং ঢাকায় নিযুক্ত চী‌নের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বিমানবন্দ‌রে তা‌কে স্বাগত জানান।

এফওসিতে আলোচনার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, আলোচনায় অনেক কিছু আসতে পারে। দ্বিপাক্ষিক সব ইস্যু থাকবে। আঞ্চলিক ইস্যুও আসবে। আমাদের দ্বিপাক্ষিক ইস্যুগুলো কোন অবস্থায় আছে, সেগুলো নিয়ে আলোচনা হবে। চলমান বিভিন্ন ইস্যু নিয়েও আলোচনা হতে পারে। দুই দেশের রাজনৈতিক পর্যায়ে সফর বিনিময়ের প্রসঙ্গও আলোচনায় আসবে।

আলোচনায় রোহিঙ্গাদের পাইলট প্রকল্পের অধীনে প্রত্যাবাসনে বিশেষ গুরুত্বের কথা জানান এ কর্মকর্তা। তিনি বলেন, ত্রিপক্ষীয় উদ্যোগে মিয়ানমার ইস্যুতে আলোচনা হবে। রোহিঙ্গা ইস্যুতে মূল আলোচনা হবে। নির্বাচনের আগে কিছু রোহিঙ্গা পাঠানো দরকার। প্রসেসটা আমরা শুরু করতে চাই।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, দুই দেশের সামগ্রিক বিষয় নিয়ে হতে যাওয়া সভায় থাকছে গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভে (জিডিআই) ঢাকার যুক্ত হওয়ার প্রসঙ্গ। বেইজিংয়ের পক্ষ থেকে এ সংক্রান্ত বিস্তর আলোচনা ও সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের বিষয়ে জোর দেওয়া হবে। এছাড়া ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ ইস্যু আলোচনায় থাকছেই।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাত করবেন সুন। আগামী জাতীয় নির্বাচনের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরের কথা রয়েছে। এর কাছাকাছি সময়ে তাকে বেইজিং সফরের আমন্ত্রণ জানাতে পারে চীন।

এছাড়া পদ্মা সেতু পরিদর্শনে যাবার কথা রয়েছে সুনের। সেই সঙ্গে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর কথা রয়েছে চীনের ভাইস মিনিস্টার এবং তার সঙ্গে থাকা প্রতিনিধিদলের।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading