একাকিত্বের কথা জানালেন শাহরুখ খান
উত্তরদক্ষিণ । শুক্রবার, ০৯ জুন ২০২৩ । আপডেট ১৩:৫০
তিনি বলিউড বাদশাহ। তবে বাদশাহ হলেও মনের দিক থেকে একেবারে মাটির মানুষ। আর তাই তো যখনই সুযোগ পান, তখনই মন উজাড় করে কথা বলেন শাহরুখ। এই যেমন, সম্প্রতি এক সাক্ষাৎকারে জানালেন, সব দিক থেকেই সফল। তবুও মাঝে মধ্যে একা লাগে। দুঃখ হয়। চোখ দিয়ে পানি বেরিয়ে আসে।
তা হঠাৎ এমন কেন বললেন শাহরুখ? সিনেমা ছাড়া বহু অনুষ্ঠানের মঞ্চে হাজির হতে হয় তাকে। সেই মঞ্চের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে শাহরুখ বলেন, ‘যখনই মঞ্চের দিকে হেঁটে যাই তখনই অনেক কিছু মনের মধ্যে চলে আসে। আমার মা-বাবার কথা। আমি ভাবতে থাকি, তারা যদি এখন থাকতেন! ইমোশনাল হয়ে পড়ি। তখন খুব একা লাগে। তবে হঠাৎই কানে আসে দর্শকদের উল্লাস। ফুল আসছে আমার জন্য। তখনই মন বদলে ফেলি। আমি তো কিং খান।’
শাহরুখের কথায়, ‘যখনই একাবোধ করি, তখন জীবনের ভালো সময়ের কথাগুলো বারবার মনে করতে থাকি। তবে এ ক্ষেত্রে স্টারডমটাকে মন থেকে দূরেই রাখি।’
২০২১ সালের ২ অক্টোবর মুম্বাইয়ের বিলাসবহুল কর্ডেলিয়া ক্রুজে আটক করা হয় আরিয়ান খানকে। তার ঠিক পরের দিন অর্থাৎ ৩ অক্টোবর তাকে গ্রেফতার করা হয়। সমীর ওয়াংখেড়ের নেতৃত্বে আরিয়ানের মাদক মামলার তদন্ত শুরু হয়। তারপর একাধিকবার আরিয়ানের জামিনের আবেদন খারিজ হয়ে যায়। টানা ২৬ দিন জেলে কাটিয়ে জামিন পান আরিয়ান।
শোনা যায়, সেই সময় বিধ্বস্ত হয়ে গিয়েছিলেন শাহরুখ। নাওয়া-খাওয়া ছেড়েছিলেন স্ত্রী গৌরি খান। শুটিংয়ের কাজ ফেলে বাড়ি ফিরে আইনজীবীদের সঙ্গে রাতের পর রাত জেগে কাটান বলিউড বাদশাহ। ছেলে বাড়ি ফেরার পরও শান্তি ছিল না তার মনে। আরিয়ানের জন্য বডিগার্ডেরও বন্দোবস্ত করেছিলেন তিনি।
ইউডি/কেএস

